রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি ভবনের পঞ্চম তলায় অভিযানের পর ওই ভবনের ষষ্ঠ তলায় ভাড়া থাকা সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে গেছে বলে দাবি করেছেন স্বজনেরা। তাঁদের দাবি, এই সাতজনকে মিরপুর মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা ভবনের ছয়তলায় থাকতেন।
তবে এ ঘটনায় পুলিশের কোনো বক্তব্য আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বলেন, এ বাসায় এখন আর কেউ নেই। জিজ্ঞাসাবাদ করতে বাসা থেকে সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে কোথায় নেওয়া হয়েছে, এ বিষয়ে তিনি কিছু বলেননি। তিনি আরও বলেন, সিআইডির ক্রাইম সিন টিম বাসার ভেতরে কাজ করছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত বাসাটি সিলগালা করে রাখা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাউকে বাসায় ঢুকতে দেওয়া হবে না।
এই সাতজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন আবু সায়েম আশিক, আল্লামা ইকবাল অনিক, শাহাবুল ও কামরুল।
কামরুলের বড় ভাই কাইয়ুম বলেন, দুপুর ১২টার পর্যন্ত কামরুলের সঙ্গে মোবাইলে যোগাযোগ হয়েছে। এরপর থেকে মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে।
আশিকের চাচাতো ভাই মতিউর বলেন, আশিক তিন–চার বছর ধরে এ বাড়িতে ভাড়া থাকতেন। আজ ভোর চারটার দিকে তাঁর মাধ্যমে জানতে পারেন পাঁচতলায় গোলাগুলি হচ্ছে। দেড়টার দিকেও মোবাইলে যোগাযোগ হয়েছে, এখন আর যোগাযোগ করা যাচ্ছে না। তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি, ওই ভবনের ষষ্ঠ তলার মেসে থাকা সাত সদস্যসহ ওই ভবনের কয়েক সদস্যকে মিরপুর মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা থানায় যাচ্ছি।’