পুলিশ সার্জেন্ট বরখাস্ত, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাকিব আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে তাঁদের এ কর্মসূচি। দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত এ কর্মসূচি চেল l ছবি: প্রথম আলো
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাকিব আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে তাঁদের এ কর্মসূচি। দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত এ কর্মসূচি চেল l ছবি: প্রথম আলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদকে লাঞ্ছিত করার অভিযোগে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের (উত্তর) সার্জেন্ট শেখ ইমরান হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।
শিক্ষক নিগ্রহের প্রতিবাদে এবং দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রোববার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিও অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করে। রাকিব আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি।
গত শনিবার রাতে রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকায় লাঞ্ছনার শিকার হন রাকিব আহমেদ। রাকিব আহমেদ বলেন, মা-বাবাকে নিয়ে তিনি ব্যক্তিগত গাড়িযোগে বিমানবন্দর রেলস্টেশনে যাচ্ছিলেন। ট্রেনে সিলেটে যাওয়ার কথা ছিল। কিন্তু পথে উত্তরা হাউস বিল্ডিং এলাকায় ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের (উত্তর) সার্জেন্ট ইমরান তাঁদের গাড়ি থামান এবং কাগজপত্র দেখতে চান। গাড়িচালক কাগজপত্র দেন। তিনি অভিযোগ করেন, কাগজপত্র হাতে নেওয়ার পর ইমরান গাড়ি জব্দ করা হবে বলে জানান। রাকিব নিজের পরিচয় দেন এবং কাগজপত্র রেখে তাঁদের রেলস্টেশন পর্যন্ত পৌঁছার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করেন। কথাবার্তার একপর্যায়ে ওই পুলিশ কর্মকর্তা গালিগালাজ শুরু করেন এবং রাকিবের গলা চেপে ধরেন। আরও দুজন পুলিশ সদস্য তাঁকে মারধর করতে শুরু করেন। এরপর তাঁরা তাঁকে টেনেহিঁচড়ে পাশের পুলিশ বক্সে নিয়ে যান।
সার্জেন্ট ইমরানের দাবি, তিনি রাকিবকে মারধর করেননি। তবে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনার জন্য মাফ চেয়েছি।’
পরে শিক্ষক রাকিব আহমেদ উত্তরা পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সূত্র জানায়, শিক্ষককে লাঞ্ছিত করার খবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের শিক্ষার্থীরা গতকাল দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। তাঁরা দায়ী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিকেল তিনটার দিকে উপাচার্য ফারজানা ইসলামসহ কয়েকজন শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে অনুরোধ করেন। উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষক লাঞ্ছনার বিচারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও শিক্ষার্থীদের আশ্বাস দেন। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা তিনটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এরপর বিকেল চারটার দিকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে গিয়ে এ ঘটনার বিচার দাবিতে স্মারকলিপি দেন।
আজ সোমবার সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক সমিতি ও সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ।
একই ঘটনার প্রতিবাদে গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। তাঁরা দায়ী পুলিশদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন। মানববন্ধনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন আখতার সুলতানা প্রমুখ।
গতকাল বিকেল চারটার দিকে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত কমিশনার (এডিসি) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ওই সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।