পুলিশ সুপারের বিরুদ্ধে এবারও অনুসন্ধানের সিদ্ধান্ত
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে পুলিশ সুপার পদমর্যাদার রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট মিজানুর রহমানের বিরুদ্ধে জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ নথিভুক্তির সুপারিশ অগ্রাহ্য করে পুনঃঅনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক মো. আব্দুস সোবহানকে নতুন অনুসন্ধান কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে উপপরিচালক হামিদুল হাসান অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে মিজানুর রহমানকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছিলেন। কমিশন সুপারিশটি গ্রহণ না করে পুনঃঅনুসন্ধানের এই সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে জানতে চাইলে দুদকের মহাপরিচালক (অনুঃতদন্ত) জিয়াউদ্দিন আহমেদ বলেন, কমিশন কিছু বিষয়ে তাদের মতামত দিয়েছে। অনুসন্ধান কর্মকর্তা পরিবর্তন করতে বলা হয়েছে। এ কারণে আব্দুস সোবহানকে পুনঃঅনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। পূর্বতন কর্মকর্তা যে গ্রাউন্ডে নথিভুক্তির সুপারিশ করেছিলেন, কমিশন তা গ্রহণ করেনি।
দুদক সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে ২০১২ সালে অনুসন্ধান শুরু হয়। উপপরিচালক গোলাম মোরশেদ অনুসন্ধান শুরু করলেও পরে আরেক উপপরিচালক ফজলুল হককে দায়িত্ব অর্পণ করা হয়। দুজনই মিজানুর রহমানকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে প্রতিবেদন জমা দেন। কিন্তু কমিশন তাঁদের সুপারিশ গ্রহণ করেনি। পরে আবার অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় উপপরিচালক হামিদুল হাসানকে।
এর আগে ২০১১ সালে মিজানুর রহমানের বিরুদ্ধে আরেকটি অভিযোগ অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি চাকরিতে থাকা অবস্থায় স্ত্রী নীপা মিজানের নামে ব্যবসা পরিচালনা, ব্যক্তিগত অ্যাকাউন্টে (সোনালী ব্যাংক পুরাতন বিমান বন্দর শাখায় হিসাব নম্বর: ০১১০৭৩৪০০৪১৯৮) ব্যবসায়িক লেনদেনের প্রমাণ পাওয়া যায়। দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের তৎকালীন অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা রুজুর সুপারিশ করেন। কিন্তু ওই বিষয়ে মামলা না করে অভিযোগটি নথিভুক্ত করা হয়।