পুলিশ সোর্সকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লবীতে গতকাল রোববার ভোরে মানিক মিয়া (৪০) নামের পুলিশের এক সোর্সকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মানিক মিয়ার স্বজনেরা বলছেন, মাদক ব্যবসায়ীদের তথ্য দেওয়ার কারণেই তাঁকে হত্যা করেছে সন্ত্রাসীরা। আর পুলিশ বলছে, নিহত মানিক মিয়ার বিরুদ্ধেও মাদকসংক্রান্ত অভিযোগসহ মিরপুরের বিভিন্ন থানায় মামলা ছিল।
পুলিশ জানায়, গতকাল ভোর সাড়ে চারটার দিকে একজন রিকশাচালক রক্তাক্ত অবস্থায় মানিককে পল্লবী থানায় নিয়ে যান। এরপর পল্লবী থানার এসআই বিল্লাল হোসেন তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ছয়টার দিকে তিনি মারা যান। মানিককে উদ্ধারকারী রিকশাচালক জানান, তিনি কালশী মোড়ের কাছে পল্লবীর বি ব্লকের ১ নম্বর লাইন এলাকায় রক্তাক্ত অবস্থায় মানিককে পড়ে থাকতে দেখেন। কাতরাতে থাকা মানিক নিজেকে ‘থানার লোক’ বলে পরিচয় দিয়ে তাঁকে পল্লবী থানায় নিয়ে যেতে বলেন। এরপর তাঁকে রিকশায় তুলে থানায় নিয়ে যান ওই রিকশাচালক। ঘটনাস্থলের অদূরেই মানিকের বাসা বলে পুলিশ জানিয়েছে।
মানিকের বড় ভাই আবুল জানান, দীর্ঘদিন ধরে পল্লবী থানা-পুলিশের সোর্স হিসেবে কাজ করছিলেন মানিক। থানায় মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দেওয়ার কারণেই তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি আবুল হোসেনের।
পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ীদের সঙ্গে বিবাদের কারণে এ হত্যাকাণ্ড হতে পারে বলে তাঁরা মনে করছেন। কার সঙ্গে তাঁর পূর্বশত্রুতা ছিল, এসব যাচাই করা হচ্ছে।