পুলিশ সোর্সের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার আট দিন পর রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে গতকাল রোববার দুপুরে ইউনুছ খান (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ইউনুছ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘সোর্স’ ছিলেন বলে জানিয়েছে পরিবার।
পরিবার ও পুলিশ জানায়, তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ায় পরিবার নিয়ে থাকতেন ইউনুছ। গত ২৮ নভেম্বর তিনি নিখোঁজ হন। ৪ ডিসেম্বর এ ব্যাপারে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়।
খবর পেয়ে গতকাল দুপুর ১২টার দিকে তেজগাঁওয়ের শাহীনবাগের রিকশা গ্যারেজের পেছনে একটি নর্দমা থেকে ইউনুছের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি কাপড় দিয়ে মোড়ানো ছিল। প্রাথমিক তদন্তে ইউনুছকে খুন করা হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
মর্গে ইউনুছের স্ত্রী বিউটি বেগম প্রথম আলোকে বলেন, কিছুদিন আগে এলাকায় কয়েকজনকে পুলিশে ধরিয়ে দিয়েছিলেন ইউনুছ। এর জেরে এ ঘটনা ঘটতে পারে। ইউনুছের গ্রামের বাড়ি বরিশালের বানারিপাড়া এলাকায়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
লাশ উদ্ধার: রাজধানীর বিমানবন্দর থানা এলাকার কাউলা হাজি ক্যাম্পের মাঝামাঝি স্থানে একটি পুকুরপাড় থেকে গতকাল সকালে এক অজ্ঞাতনামার (৩৫) লাশ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির ঘাড়ের পাশে আঁচড় ও পিঠে আঘাতের চিহ্ন ছিল।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান মিয়া বলেন, ঘটনার ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।