পুলিশ হত্যা মামলার আসামিসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত এই দুজনের একজন পুলিশ হত্যা মামলার আসামি।
নিহত ব্যক্তিরা হলেন পাংশা উপজেলার কামাল হোসেন মণ্ডল (৪৭) ও ওমর খাঁ (৩৫)। কামাল উপজেলার কসবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের বাসিন্দা। ওমর একই উপজেলার মৌরাট ইউনিয়নের বড় চৌবাড়িয়া গ্রামের বাসিন্দা। কামালের বিরুদ্ধে ২০০৪ সালে পাংশা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হত্যাসহ মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে দুটি হত্যা, একটি অস্ত্র, একটি ডাকাতি ও একটি পুলিশের ওপর হামলার মামলা। ডাকাতি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অপরদিকে ওমরের বিরুদ্ধে খুনসহ ডাকাতির চারটি মামলা রয়েছে।
পুলিশের ভাষ্য, রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট ও মাগুরার শ্রীপুর থানার লাঙলবঁাধ এলাকা থেকে বৃহস্পতিবার গ্রেপ্তারের পর দুজনকে নিয়ে উপজেলার পূর্ব পাট্টার বিল নিহারী এলাকায় মোস্তফার মেহগনিবাগানে দিবাগত রাত সোয়া তিনটায় অস্ত্র উদ্ধারের অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওত পেতে থাকা নিহত ব্যক্তিদের সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় কামাল ও ওমরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। অভিযানে পাংশা থানার ওসি আবু শামা ইকবাল হায়াতসহ মোট পাঁচ পুলিশ সদস্য আহত হন বলে দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শ্যুটারগান, একটি একনলা বন্দুক, পাঁচটি গুলি, ছয়টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
নিহত কামালের ভাগনে আরিফ খানের দাবি, তাঁর মামা আগে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। প্রায় আট বছর কারাভোগের পর দুই বছর আগে মুক্তি পেয়ে লাঙলবাদ বাজারে পাটের ব্যবসা শুরু করেন। বৃহস্পতিবার সকালে পাটের দোকান থেকে তাঁর মামাকে ধরে নিয়ে যায় পুলিশ। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর পান।
আরেক নিহত ওমরের চাচা রুস্তম আলী খানের ভাষ্য, তাঁর ভাতিজা ট্রাক চালাতেন। তাঁর জানামতে, ওমর একটি হত্যা মামলার আসামি ছিলেন। একই দিন দুপুরে ওমরকে গোয়ালন্দ ঘাট এলাকা থেকে আটক করে পুলিশ। তাঁর জিজ্ঞাসা, ‘পুলিশ ধরে নেওয়ার পর কীভাবে বন্দুকযুদ্ধ হয়?’
রাজবাড়ী সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক সৌরভ শিকদার জানান, শুক্রবার সকাল সোয়া পাঁচটার দিকে ওমর ও কামালকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁরা মারা যান।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ দাবি করেন, গ্রেপ্তারের পর তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধারে গেলে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।