ঢাকার অদূরে আশুলিয়ায় হামলা চালিয়ে পুলিশ সদস্য মুকুল হোসেনকে (২৫) হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি সংগঠনগুলোর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট’ এমন তথ্য দিয়েছে।
এর আগেও ঢাকা ও রংপুরে দুই বিদেশি নাগরিককে হত্যার দায় আইএস স্বীকার করেছিল বলে খবর বেরিয়েছিল।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে গতকাল বৃহস্পতিবার এক খবরে বলা হয়, ঢাকায় পুলিশের তল্লাশিচৌকিতে হামলার দায় স্বীকার করেছে আইএস। সাইটের টুইটার অ্যাকাউন্টেও একই তথ্য দেওয়া হয়েছে।
রাজধানীর গাবতলীর তল্লাশিচৌকিতে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ছুরিকাঘাতে খুন হওয়ার ১৩ দিনের মাথায় গত বুধবার সকালে আশুলিয়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন পুলিশসদস্য মুকুল হোসেন। এ ঘটনায় নূরে আলম সিদ্দিকী (২৬) নামে আরেক পুলিশ সদস্য গুরুতর আহত হন।