পুলিশ হেফাজত থেকে আসামির চম্পট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশের হেফাজত থেকে মোহাম্মদ দুলাল নামের এক আসামি পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় তিনি পালিয়ে যান।

পুলিশ জানিয়েছে, দুলালকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এক দিন পার হলেও তাঁকে ধরা যায়নি। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় পুলিশের পক্ষ থেকে গতকাল রাতে একটি মামলা হয়েছে। দুলাল বন্দর থানায় একটি চুরির মামলার আসামি।

নগরের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বন্দর থানার একটি চুরির মামলায় দুলালকে গ্রেপ্তার করে গতকাল চট্টগ্রাম আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জাহিদুল বলেন, তিনি পরে শুনেছেন প্রিজন ভ্যানে তোলার সময় পালিয়ে যান দুলাল।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, দুলালকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।