পুলিশ হেফাজত থেকে আসামির পলায়ন!
ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় এক আসামি পালিয়ে গেছেন। গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তবে পুলিশ ওই আসামিকে গ্রেপ্তার বা হাসপাতাল থেকে পালানোর কথা অস্বীকার করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি রেজিস্ট্রার দেখে কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তা আরিফ হোসেন জানান, গতকাল রোববার বিকেল চারটার দিকে শহীদ প্রামাণিক (৩৫) নামের এক ব্যক্তিকে হাতকড়া পরা অবস্থায় সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান হাসপাতালে ভর্তি করেন। তাঁর বাড়ি উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বাজারকান্দি গ্রামে। সদরপুর থানার কনস্টেবল মো. ইমারত হোসেন ওই আসামির পাহারায় নিযুক্ত ছিলেন। শহীদ প্রামাণিক হাসপাতালের ১১ নম্বর শয্যায় ভর্তি ছিলেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. কবির উদ্দিন প্রথম আলোকে জানান, পুলিশি প্রহরায় চিকিৎসাধীন শহীদ প্রামাণিক স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ির পাশের ভেন্টিলেটর ভেঙে গতকাল রোববার দিবাগত রাতে পালিয়ে যান।
তবে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ দাবি করেছেন, এই নামে কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। আর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোনো আসামির পালিয়ে যাওয়ার কোনো ঘটনাও ঘটেনি।
চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ হান্নান জানান, ৫ জুন উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বাজারকান্দি গ্রামে একটি মারামারি ঘটনা ঘটে। এ ব্যাপারে সদরপুর থানায় একটি মামলা হয়। ওই মামলার ১১ নম্বর আসামি ছিলেন শহীদ প্রামাণিক। গতকাল রোববার দুপুরে শহীদকে গ্রেপ্তার করে পুলিশ।