পুলিশ হেফাজত থেকে পালাতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালীতে পুলিশ গ্রেপ্তার করার পর এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, আসামি ঠান্ডু মিয়া (৪৪) মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে মারা গেছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কোদালিয়া বৈন্যা এলাকায় এ ঘটনা ঘটে।

ঠান্ডু উপজেলার দেওজান সলিল গ্রামের হিরু মিয়ার ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি চুরির মামলায় চৌহালী থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম উপজেলার বোয়ালিয়া বাজার থেকে ঠান্ডু মিয়াকে আটক করে মোটরসাইকেলে করে থানায় নিয়ে যাচ্ছিলেন। কোদালিয়া বৈন্যা এলাকায় পৌঁছার পর ঠান্ডু পালানোর উদ্দেশ্যে মোটরসাইকেল থেকে লাফ দেন। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাঁকে চৌহালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিতে বলেন। ওই হাসপাতালে নেওয়ার পথে ঠান্ডুর অবস্থার আরও অবনতি হলে তাঁকে টাঙ্গাইলের নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঠান্ডুর শ্বশুর রায়হান আলী বলেন, ‘সন্ধ্যার পর ঠান্ডুকে আটক করে মোটরসাইকেলযোগে নিয়ে যাওয়া হয়। রাতে শোনা যায় সে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় আহত হয়ে মারা গেছে। কীভাবে তাঁর মৃত্যু হলো তা আমরাও জানি না।’

নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা রাম প্রসাদ জানান, হাসপাতালে আনার আগেই ঠান্ডু মারা যান। তাঁর মুখ ও নাক দিয়ে রক্ত ঝরছিল।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, একটি চুরি মামলায় ঠান্ডুকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হচ্ছিল। মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় তিনি গুরুতর আহত হয়ে মারা যান। ঠান্ডুর বিরুদ্ধে একাধিক চুরি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।