পুলিশ হেফাজত থেকে হত্যা মামলার আসামির পলায়ন
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলায় রিমান্ডে থাকা কবির হোসেন (৩০) নামের এক আসামি পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছেন।
গতকাল শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক নাহিদ হোসেন জিজ্ঞাসাবাদের জন্য থানাহাজত থেকে বের করলে কবির কৌশলে পালিয়ে যান। রাকিবুল হাসান রকি হত্যা মামলায় অভিযুক্ত কবির হোসেন দুই দিনের পুলিশ রিমান্ডে ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ভোলাইল নূর মসজিদ এলাকার বাসিন্দা।
ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার মো. শরফুদ্দিন বলেন, তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
থানা-পুলিশ সূত্র জানায়, ২০১৪ সালের ২১ মার্চ কাশিপুর ভোলাইল এলাকার একটি ডোবা থেকে রাকিবুল হাসানের লাশ উদ্ধার করা হয়। এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তাঁকে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত ব্যক্তির পরিবার ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ৪ নম্বর আসামি কবির হোসেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গত ২৯ নভেম্বর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গতকাল আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।