পুলিশ হেফাজত থেকেই পালালেন পুলিশ কর্মকর্তা
পুলিশ হেফাজতে এক ঠিকাদার হত্যা মামলার প্রধান আসামি পুলিশ কর্মকর্তা আজ রোববার আদালতের হাজতখানা থেকে পালিয়ে গেছেন। আসামির নাম রেজাউল করিম পাটোয়ারি। তিনি কাফরুল থানার সাবেক উপপরিদর্শক। ঠিকাদার হত্যার ঘটনা আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আক্তারুজ্জামান পলাতক আসামি রেজাউল করিমসহ তিনজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।
বাকি দুজন হলেন—কাফরুল থানার তৎকালীন উপপরিদর্শক নুরুজ্জামান ও কথিত সোর্স রতন বাবু।
মামলার নথিতে দেখা গেছে, ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি কাফরুলের একটি চায়ের দোকান থেকে গ্রেপ্তারি পরোয়ানা আছে—এমন কথা বলে ঠিকাদার মো. ফারুককে গ্রেপ্তার করে কাফরুল থানায় নিয়ে যান ওই থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান ও পুলিশের সোর্স রতন বাবু। থানায় নেওয়ার পর স্বজনেরা ফারুকের সঙ্গে দেখা করতে গেলে সেদিন রাতে পুলিশ ফারুকের সঙ্গে স্বজনদের দেখা করতে দেননি। এর একদিন পর পুলিশকে বুঝিয়ে স্বজনেরা দেখা করার সময় ফারুকই মামলার বাদীদের বলেন, ৫০ হাজার টাকা না দিলে তাঁকে মেরে ফেলবে। এর পরের দিন ২১ ফেব্রুয়ারি এই আসামিরা কাফরুল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে ফারুককে আদালতে পাঠায়। আদালত তাঁকে কারাগারে পাঠালে গুরুতর অসুস্থ ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ ফেব্রুয়ারি সেখানে ফারুকের মৃত্যু হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সুরত হাল প্রতিবেদনে বলা হয়েছে, ফারুকের পেটের বা পাশে কালো দাগ, কোমর থেকে পায়ের তালু পর্যন্ত কালচে রঙের অসংখ্য দাগ রয়েছে। থানা-পুলিশ মামলা না নিলে নিহতের স্বজন পারভিন বাদী হয়ে আদালতে একটি নালিশি হত্যা মামলা করেন। ওই মামলায় বলা হয়েছে, পুলিশ কর্মকর্তা নুরুজ্জামান পুলিশের কথিত সোর্স রতন বাবু ফারুকের কাছে প্রায়ই চাঁদা দাবি করত। সেই মামলার তদন্ত শেষে সিআইডির পরিদর্শক মাজহারুল হক গত ১ মার্চ এই তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। তাতে বলা হয়েছে, ‘ফারুক হোসেনকে আসামিরা অন্যায়ভাবে গ্রেপ্তার করে শারীরিক নির্যাতন করে।’
আদালত সূত্র জানায়, আজ এ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। ওই তিন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। কিন্তু বাদী পক্ষ ওই জামিন আবেদন বাতিলের জন্য পৃথক আর একটি আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই তিন আসামির জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এই আদেশের পর হাজতখানার পুলিশ তিন আসামিকে তাঁদের হেফাজতে নেন। এর মধ্যে প্রধান আসামি রেজাউল নিজেকে ‘মিথ্যা’ পরিচয় দিয়ে হাজতখানা থেকে পালান।
আদালতের হাজতখানার দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক মোফাখখারুল ইসলাম আসামি পালিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেন।
আদালতের এক আদেশে বলা হয়েছে, গত ১৩ জুন ঢাকার মহানগর পুলিশের সহকারী কমিশনার এবিএম জাকির হোসেন মামলার বাদীসহ পাঁচজনকে তাঁর কার্যালয়ে হাজির হওয়ার অনুরোধ করেন। ওই পুলিশ কর্মকর্তা চিঠি ইস্যু করেন ১১ জুন। একজন পদস্থ পুলিশ কর্মকর্তা হিসেবে কিভাবে এ চিঠি ইস্যু করেন তা বোধগম্য নয়। আদালত মনে করেন, তিন আসামির মধ্যে দুজনই পুলিশ কর্মকর্তা হওয়ায় এবিএম জাকির হোসেন এই চিঠি ইস্যু করে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করেছেন।