পুলিশ হেফাজতে অসুস্থ, পরে বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতে গোলরা হাইওয়ে থানায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জিয়ারত আলী (৬৫)। তাঁর বাড়ি ঢাকার ধামরাই উপজেলার বারবারিয়া গ্রামে। তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত করতে চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

গোলরা হাইওয়ে থানা-পুলিশ জানায়, সোমবার বিকেলে সার্জেন্ট মনিরুজ্জামান মহাসড়কে দায়িত্ব পালন করার সময় বিকেল সোয়া পাঁচটার দিকে ৩০০ গ্রাম গাঁজাসহ জিয়ারত আলীকে আটক করেন। পরে ওই কর্মকর্তা তাঁকে হাইওয়ে থানায় নিয়ে যান। রাত সাড়ে সাতটার দিকে জিয়ারত অসুস্থ হয়ে পড়েন। তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া আটটার দিকে তিনি মারা যান। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পথেই জিয়ারত মারা যান।

পরে ওই হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে জিয়ারতের লাশ হস্তান্তর করা হয়। জিয়ারতের ভাতিজা সফুর উদ্দিন বলেন, তাঁর ফুপা কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। মাঝেমধ্যে গাঁজা খেতেন। সোমবার সার্জেন্ট মনিরুজ্জামান তাঁর কাছে গাঁজা ভর্তি একটি সিগারেট পেয়ে তাঁকে আটক করে গোলরা হাইওয়ে থানায় নিয়ে যান। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, হাসপাতালে আনার পথেই জিয়ারত আলী মারা যান। তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত করতে চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ ছাড়া তাঁর ভিসেরা সংরক্ষণ করা হয়েছে। পরীক্ষার জন্য তা মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

মুঠোফোন বন্ধ থাকায় গতকাল একাধিকবার ফোন করেও সার্জেন্ট মনিরুজ্জামানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। গোলরা হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জিয়ারতকে গাঁজাসহ আটক করা হয়। থানায় আনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীকে হাইওয়ে থানার পুলিশ আটক করতে পারেন কি না, জানতে চাইলে তিনি বলেন, হাইওয়ে পুলিশকেও এ ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে।