পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, নির্যাতনের অভিযোগ
জামালপুরের মেলান্দহে থানা-পুলিশের হেফাজতে সোহেল রানা (৩০) নামের এক আসামির মৃত্যু হয়েছে। রানার পরিবারের লোকজন নির্যাতনের অভিযোগ করলেও পুলিশের দাবি তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে।
রানার বাড়ি মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের পাহাড়ি পটল গ্রামে। তাঁর বাবার নাম রেহান আলী। তিনি মৎস্য খামারি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার বিকেলে মেলান্দহ থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২৫টি ইয়াবা বড়ি ও ৫ গ্রাম হেরোইনসহ রানাকে গ্রেপ্তার করে।
রানার ছোট ভাই জাকির হোসেন অভিযোগ করেন, ‘পুলিশের একটি দল বাড়ি থেকে আমার ভাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তারের পর থানায় গেলে পুলিশ টাকা নিয়ে আজ (গতকাল) সোমবার সকালে যোগাযোগ করতে বলে। কিন্তু রাত ১০টার দিকে আমরা খবর পাই বড় ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। পরে শুনতে পারি আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। একজন সুস্থ মানুষ কয়েক ঘণ্টার মধ্যেই কীভাবে মারা যান, সেটা আমাদের বোধগম্য নয়। অবশ্যই পুলিশি নির্যাতনের কারণে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।’
তিনি বলেন, ‘আমার ভাই গ্রামেই একটি হোটেল পরিচালনা করতেন। সেই দোকানে গাঁজা পায় পুলিশ। কিন্তু সেই গাঁজা আমার ভাইয়ের ছিল না। তারপরও পুলিশ ওই মামলায় আমার ভাইকে জড়িয়ে দেয়।’ তাঁর মৃত্যুর ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হবে বলে তিনি জানান।
টাকা নিয়ে যোগাযোগ করতে বলার কথা অস্বীকার করে মেলান্দহ থানার ওসি মাজাহারুল করিম বলেন, মাদকসহ তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। থানা হেফাজতে থাকা অবস্থায় আসামি বুকে ব্যথা অনুভব করেন। পুলিশ সঙ্গে সঙ্গে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগে দুটি মামলা রয়েছে।