চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানা থেকে উদ্ধার হওয়া গুলিবিদ্ধ সুমাইয়া খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ১৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
এদিকে সুমাইয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর থেকেই হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের প্রবেশপথে নিয়মিত আনসার সদস্যের পাশাপাশি পুলিশ মোতায়েন করা হয়েছে। ‘গেটপাস’ ছাড়া ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সাংবাদিক পরিচয়েও হাসপাতালের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। শুধু ‘গেটপাস’ দেখিয়ে রোগীর স্বজনেরা হাসপাতালে প্রবেশ করতে পারছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক রেজাউল করিম মুঠোফোনে প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার গভীর রাতে সুমাইয়াকে পুলিশ হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ১৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন। তাঁর অবস্থা এখন ভালো। আহত নারীর অবস্থা জানতে চাইলে রেজাউল করিম বলেন, ‘তার ডান পায়ে জখমের চিহ্ন ছিল। শটগানের বুলেটের আঘাত যেমন হয়, তেমন। পায়ের হাড় একটু ভেঙে গেছে। এ ছাড়া শরীরে আর কোথাও কোনো আঘাত নেই, অন্য সমস্যাও নেই।’ সুমাইয়ার সঙ্গে তাঁর শিশুকন্যাকে দেখা যায়নি বলে জানান তিনি।
শিবগঞ্জের জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে আবুর স্ত্রী সুমাইয়া ও তার পাঁচ বছরের মেয়েকে আহত অবস্থায় উদ্ধার করে সোয়াট। এরপর সুমাইয়াকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। রাতে সুমাইয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।