পুলিশ হেফাজতে থাকা আসামির পলায়ন!
চোর পালালে বুদ্ধি বাড়ে। এটা তো রসিকতা। তবে কবুতর চুরির অভিযোগে পুলিশ হেফাজতে থাকা আসামি পালালে—কী বাড়ে তা জানা না থাকলেও এটা কিন্তু রসিকতা নয়। একদম সত্যি ঘটনা। আজ সোমবার দুপুরে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় থাকা একজন আসামি পালিয়েছেন।
চুরির অভিযোগে আটক সোহেল আহমেদ (২৫) নামের ওই আসামি পুলিশ হেফাজতে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে পালিয়ে গেছেন।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার তারাগুনিয়া গ্রামে কবুতর চুরির অভিযোগে গ্রামবাসী দুজনকে ধরে গণধোলাই দেয়। তাঁরা হলেন মিরপুর উপজেলার তালতলা এলাকার সোহেল আহমেদ ও তারাগুনিয়া গ্রামের লকিমুদ্দিন। গণধোলাইয়ের পর ওই দুজনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। রাত ১২টার দিকে দৌলতপুর থানা-পুলিশ গণধোলাইয়ে আহত সোহেল ও লকিমুদ্দিনের হাতে হাতকড়া পরিয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রইচ উদ্দীন বলেন, পুলিশের সদস্যরা লকিম ও সোহেল নামের দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করায়। তাঁদের হাতে হাতকড়া ছিল। রাত থেকেই দুজন পুলিশ সদস্য হাসপাতালে তাঁদের পাহারায় ছিলেন। আজ সকালেও তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। দুপুরের কোনো এক সময় সোহেল কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনার পর পুলিশ অপর আসামি লকিমকে হাসপাতালে থেকে থানা হাজতে নিয়ে গেছে।
তবে এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গ্রামবাসী দুজনকে হাসপাতালে ভর্তি করেছিল। তখন তাঁদের সঙ্গে পুলিশ ছিল। সোহেল কীভাবে পালিয়েছে জানা নেই। এ ক্ষেত্রে পুলিশের কোনো দায়িত্ব নেই। থানায় কোনো মামলাও হয়নি। আর সোহেলের হাতে হাতকড়া ছিল না। লকিমুদ্দিনকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি মন্তব্য করেন।