পুলিশ হেফাজতে নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবারককে পুলিশ হেফাজতে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ছবি: আসাদুজ্জামান
মোবারককে পুলিশ হেফাজতে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ছবি: আসাদুজ্জামান

আসামির নাম মোবারক হোসেন দিপু। বয়স ৩৮ বছর। মাথায় ব্যান্ডেজ। পায়ের গোড়ালি ও ঊরুতেও ব্যান্ডেজ। বাঁ চোখের নিচেও রক্ত জমাট বাঁধা। মাদক মামলায় গ্রেপ্তার করে ঢাকার আদালতের হাজতখানায় রাখা হয়। পরে তাঁর আইনজীবীরা আদালতে লিখিতভাবে অভিযোগ করেন, সন্দেহবশত এ মামলায় তাঁকে গ্রেপ্তার করে অমানবিক নির্যাতন করেছে পুলিশ।
আইনজীবীর এমন কথা শোনার পর আদালত আসামিকে হাজতখানা থেকে তাঁর সামনে হাজির করার নির্দেশ দেন। পরে আসামি পুলিশ ও আইনজীবীদের উপস্থিতিতে বিচারকের কাছে অভিযোগ করেন, ডিবি পুলিশ তাঁকে নির্যাতন করেছে। ঢাকার মহানগর হাকিম তসরুজ্জামান তাঁর সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

মোবারকের চোখের নিচে আঘাতে চিহ্ন দেখা যায়। মাথায় ছিল ব্যান্ডেজ। তাঁর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। ছবি: আসাদুজ্জামান
মোবারকের চোখের নিচে আঘাতে চিহ্ন দেখা যায়। মাথায় ছিল ব্যান্ডেজ। তাঁর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। ছবি: আসাদুজ্জামান

মোবারকের স্ত্রী আসমা হোসেন আদালত এলাকায় প্রথম আলোর কাছে দাবি করেন, গত বুধবার সকালে গোপীবাগ থেকে তাঁর স্বামীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের সময় তাঁকে নির্যাতন করা হয়। এরপর বারবার পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। চার দিন পর পুলিশ তাঁর স্বামীকে আজ রোববার আদালতে হাজির করে।
তবে ডিবি পুলিশ মামলায় উল্লেখ করেছে, গতকাল শনিবার সন্ধ্যায় মতিঝিলের আর কে মিশন রোডের রেলগেটের পশ্চিম পাশের রাস্তায় একটি প্রাইভেট কার থামানোর সংকেত দেয় পুলিশ। প্রাইভেট কার না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেটি আটকানো হয়। প্রাইভেট কার থেকে মোবারককে ২০০টি ইয়াবা বড়ি ও ১০৬ ক্যান বিয়ারসহ গ্রেপ্তার করা হয়।
আদালত চত্বরে দেখা যায়, আসামি মোবারক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছিলেন না।
নাম প্রকাশ না করার শর্তে মতিঝিল থানার গোপীবাগের রেলগেট এলাকার একজন চায়ের দোকানদার প্রথম আলোকে বলেন, ‘গতকাল শনিবার কাউকে এই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়নি। চার-পাঁচ দিন আগে ভোরবেলায় এক লোককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সেই আসামিসহ সাদাপোশাকের কয়েকজন ডিবি পুলিশ আমার দোকানে চা-পানি খায়। আসামি গ্রেপ্তারের সময় গুলির শব্দ হয়েছিল বলে এলাকার কয়েকজনকে বলাবলি করতে শুনেছি।’ একই ধরনের কথা বলেন রেলগেট এলাকার আরও দুই দোকানদার।

মোবারকে পায়ে ক্ষতচিহ্ন রয়েছে। ছবি: আসাদুজ্জামান
মোবারকে পায়ে ক্ষতচিহ্ন রয়েছে। ছবি: আসাদুজ্জামান

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান আসামি মোবারককে আদালতে হাজির করে প্রতিবেদন দেন। তাতে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি যাত্রাবাড়ী, কদমতলী ও শ্যামপুর এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। প্রয়োজনে পরে ওই আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন করবেন। মোবারককে নির্যাতন করার অভিযোগ প্রসঙ্গে এসআই মশিউর প্রথম আলোকে বলেন, মোবারকের মাথায় ব্যান্ডেজ, পা ও ঊরুতে ব্যান্ডেজের বিষয়ে তিনি কিছুই জানেন না। কীভাবে তাঁর এ অবস্থা হলো তা তাঁর জানা নেই।
তবে আদালতে জমা দেওয়া কাগজপত্রে দেখা যায়, এসআই মশিউর রহমানই আসামি মোবারককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
মোবারকের আইনজীবী হাফেজ আহমেদ ও আবদুস সাত্তার প্রামাণিক প্রথম আলোকে বলেন, মোবারককে পুলিশ নির্যাতন করেছেন। বিচারকের কাছে নির্যাতনের কথা বলেছেন মোবারক। আদালত মোবারককে সুচিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন।
মোবারককে নির্যাতন করার অভিযোগের বিষয়টি ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার নজরে আনা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনাটি আমার জানা নেই। পুলিশ হেফাজতে কাউকে নির্যাতন করার কোনো আইন নেই। এ ঘটনা কতটুকু সত্য তা আমাকে জানতে হবে। যদি কেউ এ ধরনের নির্যাতন করে, তাহলে সেই দায় ওই ব্যক্তির। আমাদের সুস্পষ্ট নির্দেশনা আছে, কাউকে জিজ্ঞাসাবাদ করবেন, তাঁর কলাকৌশল রয়েছে। পুলিশ হেফাজতে নির্যাতন করার কোনো ক্ষমতা আইন পুলিশকে দেয়নি। এটা কোনোভাবে করা যাবে না।’
উল্লেখ্য, উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, কাউকে গ্রেপ্তার করার সময় পুলিশ তাঁর পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবে। গ্রেপ্তারের তিন ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে কারণ জানাতে হবে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে কারাগারের ভেতরে কাচ দিয়ে নির্মিত বিশেষ কক্ষে জিজ্ঞাসাবাদ করতে হবে। কক্ষের বাইরে তাঁর আইনজীবী ও নিকটাত্মীয় থাকতে পারবেন। জিজ্ঞাসাবাদের আগে ও পরে ওই ব্যক্তির ডাক্তারি পরীক্ষা করাতে হবে।