পুলিশ হেফাজতে নিহত রায়হানের আবার ময়নাতদন্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায়হান উদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

সিলেটে পুলিশ হেফাজতে নির্যাতনে নিহত মো. রায়হান আহমদের (৩৪) লাশ কবর থেকে তুলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আবার ময়নাতদন্ত করা হবে। বুধবার সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

এই ঘটনায় নিহতের স্ত্রী তাহমিনা আক্তারের করা মামলার নতুন তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) লাশের পুনরায় ময়নাতদন্তের প্রস্তুতি নিয়েছে।

যোগাযোগ করলে পিবিআই পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) মহিদুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ তুলে আবার ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নগর পুলিশ সূত্র জানায়, গত রোববার সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশের প্রথম দফা ময়নাতদন্ত সম্পন্ন হয়েছিল। হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন অনুযায়ী, ময়নাতদন্ত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সম্পন্ন করার বিধি থাকলেও পুলিশ সেটি করেনি।

তদন্ত-সংশ্লিষ্ট নগর পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ঘটনার শুরুতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে রায়হান নিহত হয়েছেন—এ রকম প্রচার করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছিল। রোববার মধ্যরাতে হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা হওয়ায় একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের বিষয়টি সামনে আসে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার প্রথম আলোকে বলেন, মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিলেট কোতোয়ালি থানার এসআই আবদুল বাতেন আদালতে পুনরায় ময়নাতদন্তের জন্য একটি আবেদন করেন। বুধবার সকালে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

আরও পড়ুন