মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক কলেজছাত্রীকে মারধরের ১২ দিন পরেও অভিযুক্ত মিজানুর রহমানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মিজানুর কুলাউড়া পৌর শহরের চাতলগাঁও এলাকার আবদুল হান্নানের ছেলে। তিনি কুলাউড়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, ভুক্তভোগী ছাত্রী একাদশ শ্রেণিতে পড়ে। ১৮ অক্টোবর কলেজে আসার পর মিজানুর তাকে প্রেমের প্রস্তাব দেন। তিনি ছাত্রীর হাত ধরে টেনে তাকে কলেজ ভবনের ছাদে নিয়ে যেতে চান। এ সময় ছাত্রী দ্রুত শ্রেণিকক্ষে ঢুকে পড়ে। কয়েকজন শিক্ষার্থী বিষয়টি শিক্ষকদের জানায়। পরে শিক্ষকেরা বিষয়টি খতিয়ে দেখতে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষক মিলনায়তনে উপস্থিত থাকতে বলেন। সাড়ে ১২টার দিকে ওই ছাত্রী সহপাঠীদের সঙ্গে শিক্ষক মিলনায়তনে যাচ্ছিল। এ সময় মিজানুর এসে তাকে চড়-থাপ্পড় মারেন।
গতকাল বিকেলে ছাত্রীর মা বলেন, তাঁর মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি দ্রুত মিজানুরকে গ্রেপ্তার করার দাবি জানান।
মামলার তদন্ত কর্মকর্তা কুলাউড়া থানার এসআই সাব্বির আহসান গতকাল রোববার মুঠোফোনে বলেন, মিজানুর পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।