পুলিশকে গালাগাল করার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা থানার পুলিশ কর্মকর্তাদের গালিগালাজ করার অভিযোগে গত সোমবার এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া যুবলীগের ওই নেতার নাম ফেরদৌস আলী (৪২)। তিনি উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা যুবলীগের সভাপতি ও পৌরসভার দানগাছি গ্রামের শের আলীর ছেলে।

পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে চুরির ঘটনায় অভিযোগ দেওয়ার জন্য ফেরদৌস এক ব্যক্তিকে থানায় পাঠান। থানার কর্তব্যরত কর্মকর্তা চুরির ঘটনায় অভিযোগ নয়, মামলা করার পরামর্শ দেন। পরে ওই ব্যক্তি পুলিশের পরামর্শের বিষয়টি মুঠোফোনে যুবলীগের ওই নেতাকে জানান। এর কিছুক্ষণ পর ফেরদৌস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মুঠোফোনে কথা বলেন। কেন অভিযোগ নেওয়া হবে না, এ বিষয়ে ওসির কাছে কৈফিয়ত চান তিনি। একপর্যায়ে ওসিকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন ও হুমকি দেন। পরে থানার দ্বিতীয় কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে কথা বলার সময়ও একই ধরনের আচরণ করেন। এ ঘটনার পর পুলিশ তাঁর অবস্থান নিশ্চিত হয়ে রাতে ভবানীগঞ্জ পল্লী বিদ্যুৎ মোড় থেকে মাতাল অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে। পরে পুলিশ তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাঁর পেট থেকে মাদকদ্রব্য বের করে। মাতলামি করার অভিযোগে এএসআই নুরুল ইসলাম বাদী হয়ে রাতেই ওই নেতার বিরুদ্ধে একটি মামলা করেন। আগের একটি মামলায়ও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পরে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

ওসি নাছিম আহম্মেদ বলেন, ফেরদৌসকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তি যুবলীগের নেতা কি না, তা তিনি জানেন না বলে জানান।