পুলিশকে ঘুষ দিতে গিয়ে গ্রেপ্তার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইনজীবীর এক সহকারীর বিরুদ্ধে থানা-পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. নাসির উদ্দিন সরকার বলেন, ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ভোর পর্যন্ত র‌্যাব-১১-এর কর্মকর্তার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে শিশু অপহরণ ও পাচারকারী চক্রের হোতা মো. জাকির হোসেন ও তাঁর স্ত্রী মর্জিনা বেগম বানেছা, মো. টিটু, মো. হোসেন সাগর ওরফে দেলু, জেসমিন বেগম, মো. আসলাম ওরফে আলামিনকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। এরপর বুধবার তাঁদের আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে আনা হয়। ওই দিন রাত সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জ থানায় আসেন মাহমুদুল হাসান ওরফে রুবেল নামের ওই ব্যক্তি। তিনি নারায়ণগঞ্জ আদালতের আইনজীবী জুবায়ের আলমের সহকারী হিসেবে কাজ করছেন। এ সময় রিমান্ডে জাকির হোসেন ও তাঁর স্ত্রী মর্জিনাকে বেশি জিজ্ঞাসাবাদ না করে দ্রুত আদালতে পাঠানোর জন্য ৪৫ হাজার টাকা ঘুষ সাধেন মাহমুদুল। এ সময় র‌্যাবের কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপারও সেখানে বসা ছিলেন। পরে ঘুষ দেওয়ার অপরাধে মাহমুদুলকে আটক করা হয়। মামলা দিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে জুবায়ের আলম বলেন, ‘ঘুষের বিষয়টি আমার জানা নেই। তবে আমি সংবাদমাধ্যমে এ বিষয়ে জানতে পেরেছি।’