পুলিশকে ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার
গাজীপুরে একটি ভবনের পার্কিং এলাকার অনুমোদনের জন্য ট্রাফিক পুলিশকে ঘুষ দেওয়ার অভিযোগে গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা মো. মেজবাউল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে গাজীপুর শহরের ট্রাফিক বিভাগের কার্যালয় থেকে মেজবাউল হককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের ভোগড়া এলাকায় সাহাবুদ্দিন মেডিকেল কলেজের একটি ভবন নির্মাণ করা হবে। ওই ভবনের পার্কিংয়ের এলাকার অনুমোদনের জন্য ওই কলেজ কর্তৃপক্ষ গাজীপুর ট্রাফিক বিভাগে একটি নকশাসহ আবেদন করে। ট্রাফিক পুলিশ তদন্ত করে দেখে, ওই ভবনে পার্কিংয়ের জন্য যে জায়গা রাখা হয়েছে, তা পর্যাপ্ত নয়। এ কারণে অনুমোদন দেওয়া হয়নি। অনুমোদনের জন্য ওই কলেজ কর্তৃপক্ষ কয়েকবার তদবিরও করে। কিন্তু কোনো কাজ হয়নি। আজ বুধবার ওই মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা মেজবাউল হক নতুন একটি নকশা পুনরায় গাজীপুর ট্রাফিক বিভাগের কার্যালয়ে এসে জমা দেন এবং সঙ্গে একটি খামের মধ্যে ১০ হাজার টাকা ঘুষ দেন। ঘুষ দেওয়ার অপরাধে তাঁকে গ্রেপ্তার করে জয়দেবপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গাজীপুর ট্রাফিক বিভাগের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন জানান, পুলিশকে ঘুষ দেওয়ার অপরাধে মেজবাউল হককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি মামলা করা হয়েছে।