পুলিশকে ছুরিকাঘাত করে পলায়ন, পরে গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক আসামি এক কনস্টেবলকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছেন। গত মঙ্গলবার ওই আসামিকে ধরতে গেলে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গতকাল বুধবার ওই আসামিকে গ্রেপ্তার করেছেন। এ সময় পুলিশের গুলিতে ওই আসামিও আহত হন।
গ্রেপ্তার হওয়া ওই আসামির নাম মো. সুজন মিয়া (২৩)। তাঁর বাড়ি বাঞ্ছারামপুরের জগন্নাথপুর গ্রামে। ওই আসামির হামলায় আহত হয়েছেন বাঞ্ছারামপুর থানার কনস্টেবল সাদ্দাম হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে বাঞ্ছারামপুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. রুহুল আমিনের বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন অধ্যক্ষ বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় চুরির অভিযোগে মামলা করেন। মামলায় সুজন মিয়াকে আসামি করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে একদল পুলিশ মাদ্রাসা এলাকায় অভিযান চালায়। এ সময় কনস্টেবল সাদ্দাম হোসেন মামলার আসামি সুজনকে জাপটে ধরলে তিনি তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে তিনি (সাদ্দাম) মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে পাঠান।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব বলেন, চুরি করা ল্যাপটপ ও টাকা নিতে সুজন বাড়িতে এসেছেন—এমন খবরের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি পুলিশের গুলিতে আহত হন। পরে সুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় সুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এইচ এম আশিকুর রহমান বলেন, ‘পুলিশ যে রোগী নিয়ে এসেছিল তাঁর (সুজন) বাঁ পায়ের হাঁটুর নিচে আঘাত রয়েছে। শটগানের গুলিতে আহত হন তিনি। আঘাত বেশি গুরুতর না হওয়ায় তাঁকে চিকিৎসা দিয়ে আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি।’