পুলিশকে নিয়েই চলে গেল ট্রাক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজপত্র দেখার জন্য ট্রাক থামালেন একজন ট্রাফিক পুলিশ। চালকের সহকারী ট্রাকের সামনে দরজা খুলে কাগজ দেখার জন্য ওই পুলিশকে ট্রাকে উঠতে বলেন। পুলিশ ট্রাকে উঠলে হঠাৎ দরজা বন্ধ করে দেন সহকারী। আর পুলিশকে নিয়েই চালক দ্রুতবেগে ট্রাক চালিয়ে চলে যান। 

আজ শুক্রবার বিকেল সোয়া তিনটার দিকে রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে। অবশ্য আধঘণ্টা পর সেই পুলিশ সদস্যকে রাজশাহীর গোদাগাড়ী এলাকায় নামিয়ে দেওয়া হয়। তবে এ ঘটনা পুলিশের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাকসহ চালক ও তাঁর সহকারীকে ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ট্রাফিক পুলিশ সূত্র জানায়, আজ সকাল থেকে নগরের কাশিয়াডাঙ্গা মোড়ে কয়েকজন ট্রাফিক পুলিশ যানবাহনের কাগজপত্র যাচাই করছিল। বিকেল সোয়া তিনটার দিকে সংকেত পেয়ে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক থামে। রাজশাহী মহানগর ট্রাফিক পুলিশে কর্মরত কনস্টেবল সিদ্দিকুর রহমান চালককে ট্রাকের কাগজপত্র দেখাতে বলেন। চালকের আসনের পাশে বসে থাকা সহকারী গাড়ির দরজা খুলে দিয়ে কাগজ দেখার জন্য তাঁকে ভেতরে ঢুকতে বলেন।

জানতে চাইলে রাজশাহী মহানগর ট্রাফিক পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ট্রাকটি খালি ছিল বলে পুলিশ সদস্য সিদ্দিকুরকে নিয়েই চালক দ্রুত চালিয়ে নিয়ে যেতে পেরেছিলেন। মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেও ট্রাক ধরা যায়নি।

সিদ্দিকুর রহমানের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক নজরুল বলেন, কিছু দূর গিয়ে ট্রাক চালক কনস্টেবল সিদ্দিকুরকে ট্রাক থেকে নেমে যেতে বলেন। ট্রাকের কোনো কাগজ দেখানোর জন্য তাঁদের হাতে কোনো সময় নেই বলেও জানান চালক। সিদ্দিকুর একা থাকায় তিনি এ নিয়ে আর কোনো কথা না বলে ট্রাক থেকে নেমে আসেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, ট্রাকসহ চালক ও সহকারীকে ধরতে বিভিন্ন জায়গায় বার্তা পাঠানো হয়েছে। অচিরেই তাঁদের আটক করা হবে।