পুলিশকে পেটালেন স্থানীয়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাদক ব্যবসায়ীকে আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে স্থানীয় লোকজন মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার উপজেলা সদরের পোস্টকামুরী গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পোস্টকামুরী গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আমিনুর রহমান তাঁর স্ত্রী রুমা বেগমকে নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। এএসআই সিরাজুল ইসলাম ও কনস্টেবল সেলিম মিয়া গতকাল সকাল নয়টার দিকে আমিনুরের বাড়িতে যান। সেখানে তাঁরা আমিনুরকে না পেলেও তাঁর স্ত্রী রুমাকে আটক করে হাতকড়া পরান। এ সময় আমিনুরের ছেলে রানা (১৭) তার মাকে ছাড়ার জন্য টাকা দেওয়ার কথা বলে কনস্টেবল সেলিমকে নিয়ে মির্জাপুর বাজারে যায়। এর কিছুক্ষণ পর সেলিমকে নিয়ে রানা বাড়ি ফিরলে রুমার হাতকড়া খুলে দেন সিরাজুল।
ঘটনাটি স্থানীয় লোকজন টের পেয়ে ওই দুই পুলিশসহ রুমাকে তাঁদের ঘরে আটক করেন। এ সময় সিরাজুল ও সেলিম বের হওয়ার চেষ্টা করলে উত্তেজিত গ্রামবাসী তাঁদের দুজনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে সিরাজুল, সেলিম ও রুমা দৌড়ে পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাঁদের ধাওয়া করে প্রায় ৫০০ গজ দূরে গিয়ে আটক করেন। এ সময় রুমা পালিয়ে যান। খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন।
ওই গ্রামের শফিকুল ইসলাম, দুলাল মিয়া, আরিফ হোসেন, ফুলবান বেগমসহ কয়েকজন অভিযোগ করেন, পুলিশ মাঝেমধ্যে ওই বাড়িতে হানা দিয়ে টাকা নিয়ে চলে যায়। গতকালও পুলিশ সেখানে গিয়ে রুমাকে আটকের পর হাতকড়া পরায়। কিন্তু কিছুক্ষণ পর পুলিশ তাঁকে ছেড়ে দেয়।
এ ব্যাপারে এএসআই সিরাজুল জানান, আমিনুর পরোয়ানাভুক্ত আসামি। তাঁকে গ্রেপ্তারের জন্য তাঁদের বাড়ি যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে না পেয়ে চলে আসার সময় ওই ঘটনা ঘটে। টাকা নিয়ে রুমাকে ছেড়ে দেওয়ার প্রসঙ্গে তিনি জানান, রুমার ঘরে ৪০০-৫০০ টাকা ছিল। ওই টাকা তিনি তাঁর (সিরাজুল) সঙ্গে রেখেছিলেন।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনাস্থল থেকে দুই পুলিশকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার সত্যতা
নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, পরোয়ানাভুক্ত আসামি আমিনুরকে গ্রেপ্তারের জন্য গেলে ওই ঘটনা ঘটে। পুলিশ ও গ্রামবাসীর মধ্যে ভুল-বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটে।