পুলিশকে ফল দিতে গিয়ে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার বাড়িতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের আঙুর দিতে দিয়ে ধরা পড়েছেন দেলোয়ার হোসেন (২৯) নামের এক অটোরিকশাচালক। এ সময় পুলিশ তাঁর সিএনজিচালিত অটোরিকশাটিও আটক করে।

গতকাল বুধবার ভোর পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। দেলোয়ার হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর করিমপুর গ্রামের মৃত আবদুল ওহাবের ছেলে। তাঁকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ জানায়, ভোর পৌনে চারটার দিকে দেলোয়ার হোসেন অটোরিকশা নিয়ে বসুরহাট পৌরসভার রাজাপুর গ্রামে মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে গিয়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের এক প্যাকেট আঙুর দিয়ে বলেন, Ñফেনীর দাগনভূঞা বাজারের ‘জিরো পয়েন্ট’ থেকে এক ব্যক্তি স্থানীয় একটি ফল দোকান থেকে ওই আঙুর কিনে তাঁদের জন্য পাঠিয়েছেন। এ সময় পুলিশ সদস্যরা তাঁকে আটক করে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন। পরে অটোরিকশাচালককে থানায় নিয়ে যায় পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বী বলেন, আটক অটোরিকশাচালক ১০০ টাকা ভাড়ার বিনিময়ে ওই আঙুরের প্যাকেট মন্ত্রীর বাড়িতে নিয়ে এসেছেন বলে স্বীকার করেছেন। কে বা কারা কী কারণে মন্ত্রীর বাড়ির পুলিশ সদস্যদের আঙুর পাঠিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।