পুলিশকে জানিয়েছিলেন, দাবি বাড়ি মালিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানার সন্ধান বাড়ির মালিকের দেওয়া তথ্যর ভিত্তিতেই পুলিশ পেয়েছে বলে দাবি করেছেন ওই বাড়ির মালিক যুক্তরাজ্যপ্রবাসী সাইফুর রহমান। তাঁর দাবি, বড়হাটের বাড়িটি ঘিরে রাখার খবর শুনে তিনি পুলিশকে নাসিরপুরের বাড়িতে অভিযান চালাতে বলেন। কারণ, বড়হাটের বাড়িটি যাঁরা ভাড়া নিয়েছিলেন, তাঁরাই নাসিরপুরের বাড়িটিও ভাড়া নিয়েছেন।

মৌলভীবাজারের বড়হাট ও নাসিরপুরে দুটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান হয়েছে, সেই বাড়ি দুটির মালিক সাইফুর রহমান। তাঁর সঙ্গে কথা বলেছেন প্রথম আলোর লন্ডন প্রতিনিধি তবারুকুল ইসলাম। দুটি বাড়ির মালিক সাইফুর রহমানের দাবি, তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই নাসিরপুরের জঙ্গি আস্তানাটির সন্ধান পেয়েছে পুলিশ। তিনি বলেন, বড়হাটের বাড়িটি ঘিরে রাখার খবর শুনে তিনি নিজেই যুক্তরাজ্য থেকে টেলিফোন করে পুলিশকে অনুরোধ করেন, দ্রুত তাঁর নাসিরপুরের বাড়িতে অভিযান চালাতে। কারণ, একই লোক তাঁর ওই বাড়িটিও ভাড়া নিয়েছেন। তিনি তাঁর গ্রামের কয়েকজন বন্ধুকেও দ্রুত গিয়ে বাড়িটি পাহারা দিতে বলেন। যাতে ভাড়াটেরা পালাতে না পারেন।

সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, বাংলাদেশে তাঁর সবকিছু দেখাশোনা করেন তত্ত্বাবধায়ক জুয়েল মিয়া। ২৮ মার্চ যুক্তরাজ্য সময় রাত সাড়ে ১২টার দিকে (বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে ৫টা) তিনি জুয়েল মিয়ার মিসডকল পান। ফোন ব্যাক করলে জুয়েল মিয়া জানান, পুলিশ তাঁর বড়হাটের বাড়িটি ঘিরে রেখেছে। তাঁকে ভাড়াটেদের ভোটার আইডি নিয়ে যেতে বলেছে।

সাইফুর রহমান জানান, তাঁর বড়হাটের বাড়িটির পাশেই তাঁর শ্বশুরবাড়ি। খবর শুনে তিনি স্ত্রীর বড় ভাই মিজানুর রহমানকে ফোন করেন। মিজানুর যুক্তরাজ্যপ্রবাসী হলেও ওই সময়ে দেশে ছিলেন। সাইফুর রহমান তখন মিজানুর রহমানকে বলেন, তাঁর নাসিরপুরের বাড়িটিও একই লোকেরা ভাড়া নিয়েছে। দ্রুত যেন বিষয়টি কর্তব্যরত পুলিশকে জানানো হয় এবং সেখানেও দ্রুত অভিযান চালানোর অনুরোধ করা হয়। মিজানুর সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানান।

বড়হাটের বাড়ি থেকে নাসিরপুরের বাড়ির দূরত্ব ২০ কিলোমিটারের মতো। সেখানে পুলিশ যেতে দেরি হতে পারে এবং ভাড়াটেরা পালিয়ে যেতে পারেন—এমন আশঙ্কায় সাইফুর রহমান প্রথমে নাসিরপুরের কাছের শেরপুর থানার এসআই নাসির ও এসআই মোতালিবকে ফোন করেন। কিন্তু তাঁদের পাননি। গ্রামের কয়েকজন বন্ধুকে ফোন করে তাঁর বাড়িতে সন্দেহভাজন জঙ্গি থাকার কথা জানান। দ্রুত গিয়ে পুলিশ না আসা পর্যন্ত বাড়িটি পাহারা দিয়ে রাখতেও বলেন। এর মধ্যে এসআই নাসিরকে ফোনে পেয়ে তিনি বলেন, তাঁর নাসিরপুরের বাড়িটিও একই লোকেরা ভাড়া নিয়েছেন। তাঁরাও জঙ্গি হতে পারেন। দ্রুত যেন ওই বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ যাওয়ার আগেই তাঁর বন্ধুরা বুধবার (২৯ মার্চ) ভোর ছয়টার দিকে নাসিরপুরের বাড়ির সামনে হাজির হয়। এরপর পুলিশ গিয়ে বাড়িতে ঢুকতে চাইলে ভেতরে বিকট বিস্ফোরণ হয় বলে তাঁর বন্ধুদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন। তখন পুলিশ তাৎক্ষণিক ভেতরে প্রবেশ না করে বাড়িটি ঘিরে রাখে।

যুক্তরাজ্যপ্রবাসী সাইফুর বলেন, পরিচয়পত্র যাচাই করে ভাড়া দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক জুয়েল মিয়াকে নির্দেশ দেওয়া আছে। বড়হাটের বাড়ির যে ফ্ল্যাটটিতে জঙ্গি আস্তানা ছিল, সেটি মাত্র তিন মাস আগে ভাড়া দেওয়া হয় বলে জানান সাইফুর। তিনি বলেন, ওই লোক একটি দেশীয় কোম্পানিতে কাজ করেন বলে দাবি করেছিল। বলেছিলেন, স্বামী-স্ত্রী মিলে থাকবেন। আর মাঝেমধ্যে তাঁদের এক শ্যালক এসে থাকবেন। এর সপ্তাহ খানেক পর ওই ভাড়াটেরা জুয়েল মিয়ার কাছে জানতে চান, আর বাসা খালি আছে কি না। তাঁদের আরও লোক আছে। তাঁরাও দেশীয় একটি কোম্পানিতে কাজ করেন। তাই একসঙ্গে থাকতে পারলে ভালো হয়। তখন জুয়েল মিয়া নাসিরপুরের বাড়িটিও তাঁদের কাছে ভাড়া দেন।