পুলিশকে বোকা বানাতে!
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা। নাটোরের গুরুদাসপুর পৌরসভার কলেজ রোডের একটি বক্স কালভার্ট ঘিরে কয়েক শ উৎসুক মানুষের ভিড়। এসেছে একদল পুলিশও। এত আয়োজন ওই কালভার্টের মাঝ বরাবর রক্তমাখা একটি পুঁটলি ঘিরে।
প্রত্যক্ষদর্শী মাজেম আলী ও স্কুলশিক্ষক আনিসুর রহমানের ভাষ্য, গতকাল সন্ধ্যার কিছুক্ষণ আগে একজন নারীশ্রমিক কালভার্টের সামনের একটি নালা (ধানখেতে পানি দেওয়ার) পরিষ্কার করছিলেন। এ সময় তিনি রক্তমাখা পুঁটলিটি দেখে চিৎকার দেন। আশপাশের অনেক মানুষ সেখানে ছুটে আসেন। সবার সন্দেহ, কেউ হয়তো কোনো শিশুকে অপহরণের পর হত্যা করে সেখানে লাশ ফেলে রেখে গেছে। এমন গুজব ছড়িয়ে পড়ে শহরময়।
ঘটনাস্থলে হাজির হন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থলে ছুটে আসেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন, পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেনসহ একদল পুলিশ। তবে ছিল না কোনো পরিচ্ছন্নতাকর্মী (সুইপার)।
পরিদর্শক (তদন্ত) নিজেই টর্চলাইট দিয়ে আলো ধরলেন কালভার্টের মাঝ বরাবর। ঘটনাস্থলে উপস্থিত সাহসী এক যুবককে পাঠালেন রক্তমাখা পুঁটলিটি আনতে। পরে খুলে দেখা গেল সাদা ব্যাগের ভেতর একটি বিড়ালের মৃতদেহ।
ওসি ইব্রাহিম হোসেনের মন্তব্য, পুলিশকে বোকা বানাতেই কেউ হয়তো বিড়ালের মৃতদেহটি কালভার্টের মাঝ বরাবর রেখে গেছে। তবে দুর্গন্ধ ছড়ানোয় বিড়ালের মৃতদেহটি সড়কের পাশে রেখেই পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।