পুলিশকে মারধর করল মাদকসেবীরা
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবির ওয়াচার) এক কনস্টেবলকে মারধর করে মাদকসেবীরা তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সাপ্টিবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই দিন রাতেই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, সাপ্টিবাড়ি ইউনিয়নের মাদক ব্যবসায়ী ফজলুল হকের বাড়িতে গাঁজা ও মদের আসর বসার খবর পেয়ে কনস্টেবল ইকলাছ হোসেন ঘটনার সত্যতা জানার জন্য শুক্রবার ওই বাড়িতে যান। তখন মাদকসেবীরা তাঁকে বেধড়ক মারধর করে এবং তাঁর মুঠোফোনটি কেড়ে নেয়। তিনি পুলিশ পরিচয় দিলে তারা তাঁকে আরও বেশি মারধর করে। পরে খবর পেয়ে আদিতমারী থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার কালমাটি আনন্দবাজার এলাকার শাহীনুর ইসলাম, একই এলাকার সহিদুল ইসলাম এবং সারপুকুর ইউনিয়নের আমজাদ। এ ঘটনায় কনস্টেবল ইকলাছ হোসেন বাদী হয়ে মাদক ব্যবসায়ী ফজলুল হকসহ চারজনের নাম উল্লেখ করেন এবং অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে শুক্রবার রাতে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।
ইকলাছ হোসেন বলেন, ‘মাদকের ওই আসরে গিয়ে আমি তাদের আমার পরিচয় দিয়ে অবৈধ কাজ থেকে বিরত থাকার জন্য বলি। এরপর তারা আমার মোবাইল কেড়ে নেয় এবং আমাকে বেধড়ক মারধর করে।’
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার অপর আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।