ফেনীর দাগনভূঞা ছাত্রলীগের এক নেতার মোটরসাইকেল আটকের পর গতকাল রোববার পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে পুলিশের দুই সদস্যসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন পুলিশের দুই কনস্টেবল ইকবাল হোসেন ও আবুল হোসেন টিপু এবং পরিবহন সমিতির নেতা জাফর উল্যা। তাঁদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলে পুলিশ কাগজপত্রবিহীন মোটর-সাইকেলবিরোধী অভিযান চালায়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস বি রায়হানের মোটরসাইকেল আটক করা হয়। এর কয়েক মিনিট পর উপজেলা সদরের জিরো পয়েন্টে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে তিনজন আহত হন।
জানতে চাইলে দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাসের চৌধুরী বলেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।
দাগনভূঞা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।