পুলিশকে লক্ষ্য করে জামায়াত-শিবিরের ককটেল, আটক ১৮

দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। তবে এতে কেউ আহত হয়নি। পুলিশ বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ১৮ জনকে আটক করেছে।
পুলিশ জানায়, রায় ঘোষণার পর বেলা সাড়ে ১১টার দিকে একযোগে নগরের শালবাগান, বাটামোড়, ডিঙ্গাডোবা ও কাটাখালীতে মিছিল বের করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শালবাগানে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষ বেধে যায়। মিছিল থেকে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে তাঁরা তিনটি ককটেল ছোড়েন। ককটেলগুলো বিস্ফোরিত হলেও লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণে কেউ আহত হয়নি। পুলিশের ধাওয়ার মুখে হামলাকারীরা পালিয়ে যান। শালবাগান এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১০ জনকে এবং ডিঙ্গাডোবা এলাকা থেকে আটজনকে আটক করে।
কাটাখালী পৌরসভার সামনে মিছিলে বাধা দিতে গেলে নেতা-কর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও শটগানের ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শিবির-কর্মীরা সংঘর্ষের চেষ্টা করেছিলেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে। তাঁদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) সরদার তানভীর হায়দার চৌধুরী বলেন, পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়লেও তাতে কেউ আহত হয়নি। দুটি এলাকা থেকে ১৮ হামলাকারীকে আটক করা হয়েছে। নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা নগরের বিভিন্ন সড়কে টহল দিচ্ছে।