পুলিশকে লক্ষ্য করে জামায়াতের হাতবোমা
রাজশাহীতে হরতাল চলাকালে আজ বৃহস্পতিবার জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছেন। এতে কেউ হতাহত হয়নি।
গতকাল বুধবার রাত থেকে আজ সকাল পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকসহ ২৭ জনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নগরের সোনাদিঘি মোড় থেকে জামায়াত-শিবিরের কর্মীরা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা মিছিল থেকে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের বিরুদ্ধে স্লোগান দেন। নগরের রাজারহাতা এলাকায় লোকনাথ স্কুলের সামনে মিছিল শেষ করে চলে যাওয়ার সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটান। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে।
সকাল থেকে অভ্যন্তরীণ বিভিন্ন সড়কপথে গণপরিবহন চলাচল করলেও রাজশাহী থেকে ঢাকাগামী কোনো বাস ছেড়ে যায়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নগরের সাহেববাজার ও নিউমার্কেটের রাস্তার পাশের দোকানগুলো বন্ধ রয়েছে। তবে নগরের বেশির ভাগ ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী জানান, হরতালে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। নগরে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির টহল রয়েছে। এ ছাড়া হরতালের নামে নাশকতা এড়াতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে সকাল পর্যন্ত নগরের চার থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ ২৭ জনকে আটক করেছে।