পুলিশকে সহায়তা করায় বাড়িঘরে জামায়াতের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলার মিটনা পাটের পুকুরপাড় গ্রামে গতকাল শনিবার দুই বাড়িতে অগ্নিসংযোগ ও ছয় বাড়ি ভাঙচুর করেছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তাঁদের হামলায় নারীসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনার পর পুলিশের গুলিতে দুই শিবিরকর্মী আহত হয়েছেন।
গ্রামবাসীর অভিযোগ, আগের দিন জামায়াত-শিবিরের হামলায় আহত পুলিশ সদস্যদের উদ্ধারে সহায়তা করায় ক্ষুব্ধ হয়ে তারা এ হামলা চালিয়েছে। তবে ছাত্রশিবির এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছে।
নাশকতার মামলার পলাতক আসামি জয়পুরহাট শহর জামায়াতের সেক্রেটারি শাহ আলমকে গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মাধাইনগর বাজার থেকে গ্রেপ্তার করেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে ডিবির সদস্যদের পিটিয়ে মীরগ্রাম চৌমুহনী বাজার এলাকা থেকে শাহ আলমকে ছিনিয়ে নিয়ে যান জামায়াত-শিবিরের লোকজন।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আমদই ইউনিয়ন ও পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাঁশড়া গোবিন্দপুর গ্রামসহ বিভিন্ন গ্রামের জামায়াত-শিবিরের তিন শতাধিক নেতা-কর্মী ও সমর্থক মিটনা পাটের পুকুরপাড় গ্রামের শাহাদত হোসেন ও একাব্বর আলীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করেন। পরে তাঁরা একই গ্রামের তবিবর রহমান, বাবলু হোসেন, জহুরুল ইসলাম, ইছাহাক আলী, ইসমাইল ও রফিকুল ইসলামের বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করেন। এ ছাড়া ওই গ্রামের এরশাদ আলীর মুদি দোকানও ভাঙচুর করা হয়। ঘটনার সময় সাত-আটটি ককটেল ফাটানো হয়। এ সময় জামায়াত-শিবিরের হামলায় আহত হন ইছাহাক আলী (৪২), মফেলা বেগম (৫৫), তানজিলা বেগম (২৫), রওশন আরা (৫০) ও কুলসুম বেগম (৪১)।
এর আগে শুক্রবার রাতেই ওই গ্রামের সুলতান হোসেনকে শিবিরের ৩০-৩৫ জন কর্মী মীরগ্রাম চৌমুহনী বাজার থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক লাঠিপেটা করেন। তাঁকে রাতেই জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন সুলতান হোসেন অভিযোগ করেন, আগের দিন সন্ধ্যায় জামায়াত-শিবিরের মারধরে এক ডিবি সদস্য অচেতন হয়ে পড়েন। তিনি তাঁর মাথায় পানি ঢেলে পুলিশের গাড়িতে দেন। এতে ক্ষিপ্ত হয়ে জামায়াত-শিবিরের কর্মীরা তাঁকে লাঠিপেটা করেন।
শাহাদৎ হোসেন জানান, তিনি কোনো দল করেন না। তবে তাঁর ভাই একাব্বর আলী আগের দিন সন্ধ্যায় ডিবি পুলিশকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে জামায়াত-শিবির তাঁদের দুই ভাইয়ের বাড়িঘর ভাঙচুর ও আগুন দিয়েছে বলে অভিযোগ করেন শাহাদাৎ।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে জেলা ছাত্রশিবিরের সভাপতি আবুজার গিফারী প্রথম আলোকে বলেন, ‘ছাত্রশিবির এ ঘটনার সঙ্গে জড়িত নয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমাদের জানা নেই। আমাদের মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।’
এদিকে গতকাল দুপুরে মিটনা পাটের পুকুরপাড় গ্রামে হামলার জামায়াত-শিবিরের কিছু নেতা-কর্মী পাশের মাঠে অবস্থান নেন। তখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের ধাওয়া করে। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশও গুলি ছোড়ে। পুলিশের গুলিতে পাঁচবিবি উপজেলার নামা বাঁশখুর গ্রামের আহসান হাবিব (২২) ও মিটনা গ্রামের নজরুল ইসলাম (২৮) আহত হন। তাঁদের জয়পুরহাট জেলা হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার (এসপি) মোল্যা নজরুল ইসলাম মুঠোফোনে জানান, আত্মরক্ষার স্বার্থে পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয়। এতে শিবিরের দুই কর্মী পায়ে গুলিবিদ্ধ হন। তাঁদের চিকিৎসা চলছে। এলাকায় পুলিশ ও র্যা ব মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ছিনিয়ে নেওয়া জামায়াত নেতাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান এসপি।