পুলিশকে 'গুলির চেষ্টা', দুজনকে আটক
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ বলেছে, তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, মোটরসাইকেল তল্লাশি করার সময় তাঁরা পুলিশের ওপর গুলি চালানোর চেষ্টা করেছিলেন।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রাজশাহী-ঢাকা মহাসড়কের আঁচুয়া কসাইপাড়া এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়।
আটককৃতদের একজন হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহসান হাবিব (২২)। তিনি নওগাঁর রানীনগর উপজেলার রাজাপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। পুলিশের দাবি, হাবিব ছাত্রশিবিরের একজন কর্মী।
অন্যজন হলেন হাবিবের সহযোগী হাসান আলী (২৫)। হাসান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোলাপ বাজারের নাসির উদ্দীনের ছেলে। তাঁদের কাছে থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ প্রথম আলোকে জানান, গোদাগাড়ী উপজেলার আঁচুয়া কসাইপাড়া এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে মোটরসাইকেল তল্লাশি করছিলেন পুলিশের সদস্যরা। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলে চড়ে রাজশাহী যাচ্ছিলেন আহসান হাবিব ও হাসান আলী। পুলিশ থামার জন্য নির্দেশ দিলে তাঁরা মোটরসাইকেল না থামিয়ে খানিকটা দূরে চলে যান। পরে তাঁরা নিজে থেকে পেছনের দিকে আসার চেষ্টা করলে মোটরসাইকেলটি মাটিতে পড়ে যায়। এ সময় তাঁরা পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেন। কিন্তু পুলিশের সদস্যরা তাঁদের ধরে ফেলেন।
ওসি আবু ফরহাদ বলেন, হাবিব শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ডে তিনি জড়িত কি না, তা খতিয়ে দেখার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকের ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।