পুলিশি অভিযানে প্রতারক চক্র গ্রেপ্তার
রাজধানীর তেজগাঁও থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে সাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁরা বহুদিন ধরে বিদেশি মুদ্রার নামে জাল মুদ্রা দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
আজ সোমবার তেজগাঁও উপপুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ এ কথা জানায়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সোবহান মিয়া ওরফে মাসুদ, এনায়েত মিয়া, আজগর শেখ, খিজির মোল্লা, আজিজুল মোল্লা, ফায়েক শেখ ও মো. নজরুল ইসলাম।
তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার সাত প্রতারক জানিয়েছে, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, মহাখালী ও উত্তরায় আরও চারটি প্রতারক চক্র সক্রিয় রয়েছে। এদের পেশাই প্রতারণা করা। কখনো রিকশাচালক, কখনো ভ্যানচালক সেজে এরা যাত্রীকে বিদেশি টাকা বিনিময়ের নাম করে জাল টাকা ধরিয়ে দেয়; কখনো বা অচেতন করে সবকিছু ছিনিয়ে নেয়। এই চক্রে বেশ কয়েকজন সদস্য থাকে। কেউ যোগাযোগ রক্ষা করে, কেউ বাসা বা অফিস পর্যন্ত বিদেশি মুদ্রা কিনতে আগ্রহী এমন ব্যক্তির পিছু নেয়। আস্থার সম্পর্ক তৈরি হলে প্রতারণা করে।
মাঠপর্যায়ের প্রতারক চক্রকে রোববার দিবাগত রাতে ধরতে পারলেও পুলিশ এখনো এই চক্রের মূল হোতাকে ধরতে পারেনি। আদাবরের যে বাসাটি থেকে এদের দলটির তিন সদস্যকে ধরা হয়, সেই বাসাটি ভাড়া নিয়েছেন অন্য এক ব্যক্তি। তবে তিনি কখনই ওই বাসায় থাকেন না।
পুলিশ জানায়, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবুল হোসেনের একটি এজাহারের সূত্র ধরে পুলিশ মাঠে নামে। ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. আবুল হোসেন বনানীতে একটি রেস্তোরাঁ থেকে খেয়ে বের হচ্ছিলেন। হঠাৎ এক তরুণ এসে তাঁর কাছ থেকে কিছু সাহায্য চান। আবুল হোসেন পকেট থেকে ১০০ টাকা বের করে দেন। তরুণটি তাঁকে ধন্যবাদ জানিয়ে পকেট থেকে একটি রিয়াল বের করে দেখান, মুদ্রাটি আসল কি না জানতে চান। আবুল হোসেন ব্যাংক থেকে রিয়ালটি ওই তরুণকে ভাঙিয়ে দেন। তরুণটি তাঁকে জানান, তাঁর অনেক আত্মীয়স্বজন বিদেশে থাকেন। তাঁর কাছে আরও অনেক রিয়াল আছে। রিয়াল বিনিময়ের ব্যাপারে এরপর তাঁরা আরও বেশ কয়েকবার কথা বলেন। এরপর আগে থেকেই ঠিক করে রাখা একটি জায়গায় তাঁরা দেখা করেন। প্রতারকেরা তাঁকে গামছায় মুড়িয়ে বেশ কিছু টাকার বান্ডিল তুলে দেয় এবং অনুরোধ করে বাসায় গিয়ে খুলে দেখতে। আবুল হোসেন পাঁচ লাখ টাকার বিনিময়ে ওই রিয়াল সংগ্রহ করেন। পরে বাসায় গিয়ে দেখেন গামছায় মুড়িয়ে তিনি সাবান ও সাদা কাগজ এনেছেন। ঘটনা ঘটিয়েই প্রতারক চক্র লাপাত্তা।
পুলিশ অভিযান চালিয়ে প্রথমে আদাবরের ১ নম্বর মেহেদীবাগ সড়কের ৫ নম্বর বাসা থেকে মো. সোবহান মিয়া ওরফে মাসুদ, মো. এনায়েত মিয়া ও মো. আজগর শেখকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে লুট হওয়া ১ লাখ ২ হাজার ৫৫০ টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের তথ্য অনুযায়ী আজ সোমবার সকাল নয়টায় ডিএমপি একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ওই অভিযানে মো. খিজির মোল্লা, মো. আজিজুল মোল্লা, ফায়েক শেখ ও মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকেও রিয়াল, দুই বান্ডিল ভুয়া বৈদেশিক মুদ্রা ও অচেতন করার ওষুধ উদ্ধার করে।