পুলিশি অভিযানে ৪ জেলায় গ্রেপ্তার ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চারটি জেলায় অভিযান চালিয়ে পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে কুড়িগ্রাম ও রংপুরের পীরগাছা থেকে জামায়াতের দুজন আমির, কুষ্টিয়ায় অর্থের জোগানদাতা সন্দেহে এক শিক্ষকসহ ছাত্রশিবিরের আট নেতা-কর্মী এবং জঙ্গি সন্দেহে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া, নাটোরে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে গ্রেপ্তার করা ছাত্র মিজানুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার বাইরে থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
কুড়িগ্রাম: জেলা জামায়াতের আমির আজিজুর রহমান ওরফে স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা সদরের জামতলা মোড় থেকে তাঁকে নাশকতার সন্দেহে গ্রেপ্তার করা হয়। ভূরুঙ্গামারী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, জঙ্গি কার্যক্রম রুখতে চলমান বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
রংপুর: পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়ন জামায়াতের আমির আবুল বাসার মো. আবদুর রহিমকে (৪৫) সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি পীরগাছা উপজেলার গাবুরা গ্রামে।
সিলেট: জঙ্গি কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁর নাম মো. আবদুল আজিজ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। গত সোমবার বেলা একটার দিকে আজিজকে বিশ্ববিদ্যালয় থেকে আটক করে নিয়ে গেলেও গতকাল মঙ্গলবার পুলিশ তাঁকে আটকের কথা স্বীকার করেছে।
সিলেটের ডিবি পুলিশের সহকারী কমিশনার নুরুল হুদা আশরাফী প্রথম আলোর কাছে ওই শিক্ষার্থীকে আটকের বিষয়টি স্বীকার করে বলেন, ঢাকার কাউন্টার টেররিজম ইউনিটের (সিটি) একটি দল জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে। একই অভিযোগে সিলেটের লিডিং ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাহমুদ চৌধুরী (২৬) নামের ওই শিক্ষার্থী আইনের ছাত্র।
কুষ্টিয়া: শহরে একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে এক শিক্ষকসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, আটক আট শিক্ষার্থী ছাত্রশিবিরের নেতা-কর্মী। কুষ্টিয়া মডেল থানার এসআই ওবায়দুর রহমান বলেন, আটক ব্যক্তিরা ছাত্রশিবিরের নেতা-কর্মী। শিক্ষক তাঁদের অর্থের জোগান ও মদদদাতা ছিলেন। আটক শিক্ষকের নাম মো. আলম।
নাটোর: আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে গ্রেপ্তার করা ছাত্র মিজানুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রবিউল ইসলাম গতকাল দুপুরে গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ড মঞ্জুর করেন। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক সুজন মিয়া বলেন, গত শনিবার গ্রেপ্তারের পর মিজানুর পুলিশের কাছে নিজেকে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য হিসেবে স্বীকার করেছেন।