পুলিশি অ্যাকশনে 'টি-বয়', ওসি বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে এবং হাতে লাঠি দিয়ে থানার তিন ‘টি-বয়’কে পুলিশি অ্যাকশনে নামানোর অভিযোগে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবদুস সোবহানকে বদলি করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় তিন দিনের মাথায় আবদুস সোবহানকে আজ সোমবার রাজশাহী মহানগর পুলিশ থেকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে। 

বদলির কারণ সম্পর্কে জানতে চাইলে আজ সোমবার দুপুরে মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর (ওসি সোবহান) বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছিল। তদন্তের পরিপ্রেক্ষিতে সদর দপ্তর থেকে তাঁর বদলির এ আদেশ এসেছে।

পুলিশ সদর দপ্তর থেকে ওসি সোবহানের বদলি আদেশ আসার পরই মহানগর গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ নূর হোসেন খন্দকারকে বোয়ালিয়া থানার দায়িত্ব দেওয়া হয়েছে এবং নগর বিশেষ শাখার পরিদর্শক বসির উদ্দিনকে গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছে।
মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত শুক্রবার রাতে নগরের সপুরা এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম এলাকায় হাউজি খেলা নিয়ে দুটি পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এক পাশে স্থানীয় যুবলীগ নেতা আরিফ ও তাঁর লোকজন, অন্য পাশে হাউজি পরিচালনা পক্ষ। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি সোবহানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পুলিশের ভ্যান থেকে বুলেট প্রুফ জ্যাকেট পরে হাতে লাঠি নিয়ে অন্য পুলিশ সদস্যদের সঙ্গে অ্যাকশনে নামে বোয়ালিয়া থানার ‘টি-বয়’ হিসেবে পরিচিত আকাশ, শাকিল ও রাসেল। লাঠি চালানোর পর পরিস্থিতি শান্ত হলে তারা আবার ভ্যানে চড়ে থানায় ফিরে যায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, বুলেট প্রুফ জ্যাকেট পরা ওই তিন কিশোর পুলিশের সদস্য নয়। তারা বোয়ালিয়া থানায় চা-পানি আনার (টি-বয়) কাজ করে। তারা পুলিশ প্রশাসনের নিয়োগপ্রাপ্ত নয়। থানার পুলিশ কর্মকর্তারাই যৌথভাবে তাদের বেতন দেয়।
থানার একটি সূত্র আরও জানায়, ওসি সোবহানের নির্দেশে আকাশ, শাকিল ও রাসেল মাঝেমধ্যেই এ ধরনের অপারেশনে অংশ নেয়। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে সোমবার তাঁর বদলির আদেশ আসে।