পুলিশি ধাওয়ায় একজনের মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের চিনিয়াপাড়া এলাকায় আজ শনিবার সন্ধ্যায় পুলিশের ধাওয়ায় দৌড়ানোর সময় পড়ে গিয়ে সৈয়দ রাজু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। যদিও পুলিশ বলছে, ওই এলাকায় পুলিশ কোনো অভিযান চালায়নি। রাজুর বাড়ি নগরের ৩২ নম্বর ওয়ার্ডের মিয়াপাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় সাদাপোশাক পরিহিত একদল পুলিশ চিনিয়াপাড়ায় জুয়া খেলার আসরে অভিযান চালায়। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে রাজু দৌড়াতে শুরু করেন। একপর্যায়ে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।
ওই এলাকা ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম বলেন, ‘লোকমুখে আমিও শুনেছি জুয়ার আসরে এক ব্যক্তি মারা যান। তিনি হার্টফেল করেছেন বলে মনে হয়েছে।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম সাদাপোশাকে পুলিশের ধাওয়া খেয়ে মৃত্যুর অভিযোগ অস্বীকার করে বলেন, ওই স্থানে কোনো পুলিশ অভিযান চালায়নি। জুয়া খেলার আসরে তাঁদের নিজেদের মধ্যে গন্ডগোলের জের ধরে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।