পুলিশি নির্যাতনের তদন্ত দাবি, ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মিজানুর রহমান
মো. মিজানুর রহমান

প্রথম আলোর পটুয়াখালীর বাউফল প্রতিনিধি, পুলিশি নির্যাতনে আহত মো. মিজানুর রহমানকে আগামী রোববার জেলহাজত থেকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।
মিজানুরের উপস্থিতিতে একই দিন তাঁর জামিন আবেদনের ওপর শুনানির দিনও ধার্য করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২ আদালতের বিচারক ফাইজুর রহমান ওই নির্দেশ দেন।
মিজানুর রহমানের আইনজীবী লুৎফর রহমান বলেন, মিজানকে গ্রেপ্তারের পর বাউফল থানায় আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন চালানো হয় এবং পরদিন জেলহাজাতে পাঠানো হয়। গতকাল আদালতে মিজানের জামিনের আবেদন করার পাশাপাশি জেলহাজত থেকে আদালতে তাঁকে উপস্থিত করার জন্য পুলিশকে নির্দেশদানের প্রার্থনা করা হয়। শুনানি শেষে আদালত রোববার মিজানকে উপস্থিত করার নির্দেশ দেন এবং ওই দিন তাঁর উপস্থিতিতে জামিন আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন।
নিন্দা ও ক্ষোভ: মিজানুর রহমানকে গ্রেপ্তার ও পুলিশি নির্যাতনের ঘটনায় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানানো হয়।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদ বলেন, এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের প্রত্যাহার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আহত মিজানের সুচিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
ওই ঘটনার তীব্র নিন্দা এবং সুষ্ঠু-নিরপেক্ষ তদন্ত ও মিজানের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে পটুয়াখালী প্রেসক্লাব, বরগুনা প্রেসক্লাব, বরগুনা রেডিও ও টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ অনলাইন সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বরিশাল।
গত মঙ্গলবার রাতে বাউফল উপজেলার কালাইয়ার ল্যাংরা মুন্সির পোল এলাকায় কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. হালিম খানের সঙ্গে হাতাহাতির ঘটনায় সাংবাদিক মিজানকে গ্রেপ্তার করে মিথ্যা অভিযোগে দায়ের করা মামলায় ফাঁসিয়ে থানায় আটকে নির্যাতন করা হয়। পরে বুধবার তাঁকে আদালতে তুলে জেলহাজতে পাঠানো হয়।