পুলিশি পাহারার মধ্যে হাসপাতাল থেকে পালাল আসামি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের পাহারায় চিকিৎসাধীন অবস্থায় হত্যা মামলার আসামি ওয়াদুদ খাঁ ওরফে তাজাত পালিয়ে গেছেন। ওয়াদুদ খাঁ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তাঁর পাহারায় ছিলেন রাজারবাগ পুলিশ লাইনসের দুজন সদস্য।
গতকাল শনিবার সকাল সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে। কাজে গাফিলতির কারণে ঘটনার পর সেখানে দায়িত্ব পালনরত পুলিশের এএসআই নিরঞ্জন ও কনস্টেবল মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (তথ্য ও জনসংযোগ) মুনতাসীরুল ইসলাম বলেন, এ দুজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, শৌচাগারে যাওয়ার কথা বলে ওই আসামি হাসপাতালের কক্ষ থেকে বের হন। পরে আর তাঁকে পাওয়া যায়নি। তিনি বলেন, ওয়াদুদ খাঁর বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। তিনি রহিছ খাঁর ছেলে। তাঁর বিরুদ্ধে এলাকার এক ব্যক্তিকে হত্যার অভিযোগ রয়েছে। বিলের ইজারা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে। তিনি ওই হত্যা মামলার আসামি।
আটপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা ও থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হাঁসকুরি বিলের ইজারা নিয়ে তুহিন নামের এক ব্যক্তির সঙ্গে ওয়াদুদ খাঁসহ লক্ষ্মীপুর গ্রামের কয়েক ব্যক্তির বিরোধ চলছিল। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন গত বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে তুহিনের ঘরে ঢুকে হামলা চালায়। এ সময় তারা ধারালো কিরিচ দিয়ে তুহিনের বুকে আঘাত করে। গুরুতর আহত তুহিনকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় ধস্তাধস্তিতে ওয়াদুদ খাঁ ও আমির খাঁ আহত হন। পুলিশ পাহারায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নেত্রকোনো পুলিশ জানিয়েছে, ঘটনার পর ২৭ জনকে আসামি করে নিহত তুহিনের ভাই মামলা করেন। ওয়াদুদ খাঁ এই মামলার ৪ নম্বর আসামি।
তুহিনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তুহিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর নিজ বাড়িতে থেকে বিভিন্ন সাংস্কৃতিক কাজে যুক্ত ছিলেন। তিনি অপরাধ জগৎ নামের একটি পাক্ষিক পত্রিকার স্থানীয় প্রতিনিধি ছিলেন।