
বিশাল প্যান্ডেলের ভেতরে রয়েছে সাতটি জুয়ার বোর্ড। প্রতিটি বোর্ডে জ্বালিয়ে রাখা হয়েছে আগরবাতি ও গোলাপ জলের বোতল। রাতভর চলছে জুয়ার আসর। এর পাশেই রয়েছে মঞ্চসহ আরও বড় আকারের হাউজির প্যান্ডেল। সামনে বসানো রয়েছে কয়েক শ চেয়ার। কোনোটিই খালি নেই। এলাকাটি ঘিরে রয়েছে আরও কয়েক শ মানুষ। এর আরেক পাশে চলছে জাদু ও যাত্রা প্রদর্শনী। সেখানে চলছে অশ্লীল নাচ। আর এসব প্যান্ডেলের বাইরে গাড়ি নিয়ে পাহারায় রয়েছে পুলিশ।
রাজশাহী নগরের নওদাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন আনন্দমেলার নামে করেছে এই আয়োজন। বাস টার্মিনালটি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অধীনে। নিয়ম অনুযায়ী বাস টার্মিনালে কোনো আয়োজন করা হলে আরডিএ এবং জেলা প্রশাসন থেকে অনুমতি নেওয়ার কথা। কিন্তু আরডিএর কোনো অনুমতি নেওয়া হয়নি। জেলা প্রশাসকের কাছে আবেদনই করা হয়নি।
গত ২৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে ওই মেলার উদ্বোধন করা হয়। এর দুই দিন পরই সেখানে জুয়া ও অশ্লীল নাচ প্রদর্শনের অভিযোগে কর্তৃপক্ষ মেলাটি বন্ধ করে দেয়। সপ্তাহ খানেক পর আবারও মেলার নামে জুয়া-হাউজি ও অশ্লীল নাচের আসর বসানো হয়।
১৯ সেপ্টেম্বর রাতে মেলায় গিয়ে দেখা গেছে, টার্মিনালের বাইরে সাইকেল, মোটরসাইকেল, ভটভটি এবং মাইক্রোবাস ঠাসাঠাসি করে রাখা। ভেতরে ঢোকার পর ডান পাশে তাকাতেই দেখা গেল জাদুর প্যান্ডেল। নাম ‘নিউ ঝর্না জাদু প্রদর্শনী’। টিকিট ৬০ ও ৩০ টাকা। ভেতরে চলছে অশ্লীল নাচ। স্কুল ও কলেজগামী তরুণ থেকে শুরু করে মাঝবয়সী লোকজন তাঁদের সঙ্গে নাচছেন। জাদুর মঞ্চের পাশেই রয়েছে র্যাফল ড্রর পুরস্কারের মঞ্চ। এর দক্ষিণ পাশে যাত্রার প্যান্ডেল। এর দক্ষিণ পাশে টার্মিনালের একেবারে দক্ষিণ-পশ্চিম কোনায় জুয়ার প্যান্ডেল। ওই প্যান্ডেলের পূর্ব পাশেই রয়েছে হাউজির প্যান্ডেল। ওই প্যান্ডেলের সামনেই রাখা রাজশাহী মহানগর পুলিশের গাড়ি (রাজশাহী-ঠ-১১০০১২)। গাড়ির পাশে চেয়ারে বসে রয়েছেন পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম। তাঁর সঙ্গে রাইফেল হাতে দাঁড়িয়ে রয়েছেন আরও তিনজন কনস্টেবল।
মেলার আয়োজক জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মাহাতাব চৌধুরী বলেন, ‘স্বপ্ন শ্রমিকদের জন্য একটি হাসপাতাল, একটি মসজিদ এবং একটি মহিলা মাদ্রাসা করা। ওই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য মেলার আয়োজন করেছি।’
আরডিএর চেয়ারম্যান বজলুর রহমান বলেন, তাঁরা মেলার কোনো অনুমতি দেননি, বরং তাঁরা পুলিশকে চিঠি দিয়ে মেলার আসর ভেঙে দিতে বলেছেন। তারপরও পুলিশ চালাচ্ছে। রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, মেলার অনুমতির জন্য কেউ কোনো আবেদন করেনি।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী দাবি করে বলেন, মেলার অনুমতি রয়েছে। মেলার ভেতর জুয়া ও অশ্লীল নাচ চলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এই অভিযোগে প্রথমে মেলা বন্ধ করে দেওয়া হয়েছিল।