গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে রংপুরের মিঠাপুকুর ও কিশোরগঞ্জের কটিয়াদীতে সিপিবি ও বাসদের কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। গতকাল বুধবার ওই ঘটনা ঘটে।
রংপুরের মিঠাপুকুরের ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বঘোষণা অনুযায়ী দলের পক্ষ থেকে গতকাল সারা দেশে সড়কে অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়। গতকাল বেলা সাড়ে ১১টায় মিঠাপুকুর উপজেলা বাজারে ঢাকা-রংপুর মহাসড়কে মাইক লাগিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কয়েক শ নেতা-কর্মী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে চারটি ফাঁকা রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশের লাঠিপেটায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের তিন নেতা আহত হয়েছেন বলে সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি করা হয়। আহতরা হলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক সাদেক হোসেন ও অর্থ সম্পাদক মৌসুমী আকতার এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রুহুল আমিন। একপর্যায়ে পুলিশ তাঁদের টানানো ব্যানারটি খুলে নিয়ে যায়।
থানার ওসি হুমায়ুন কবির বলেন, অবৈধভাবে মহাসড়ক বন্ধ করে তাঁরা সমাবেশ করছিলেন। এ সময় ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করা হয়েছে।
কিশোরগঞ্জের সিপিবি ও বাসদের নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, কিশোরগঞ্জ জেলার কর্মসূচি কটিয়াদীতে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যানার ও ফেস্টুন নিয়ে দলটির শতাধিক নেতা-কর্মী বেলা সোয়া ১১টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ডে জড়ো হন। তখন বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ ছিল। মাইকে কথা বলার প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ তাঁদের সরে যেতে বলে। সরে না যাওয়ায় প্রথমে পুলিশ আন্দোলনকারীদের হাত থেকে ব্যানার ও ফেস্টুন কেড়ে নেয়। পরে মাইকও কেড়ে নেওয়া হয়। এ নিয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তর্ক বাধে। পুলিশি বাধা উপেক্ষা করে কর্মসূচি পালনের চেষ্টা করা হয়। এ সময় পুলিশ তাঁদের লাঠিপেটা করে।
কিশোরগঞ্জ জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, পুলিশের লাঠিপেটায় তাঁদের ১৫-২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
পেটানোর কথা অস্বীকার করে কটিয়াদী থানার ওসি আবদুস সালাম বলেন, তাঁদের কারণে আঞ্চলিক মহাসড়কে যান চলাচলে বিঘ্ন হওয়ার আশঙ্কা দেখা দেয়। তাই স্থান পরিবর্তন করে তাঁদের অন্য জায়গায় কর্মসূচি পালন করতে বলা হয়। তাঁরা মানেননি।