ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
গতকাল বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ থেকে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবি করেছেন আন্দোলনকারীরা। ছাত্রীদের পেছন থেকে লাথি মারার অপরাধে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) হাবিল হোসেনের বরখাস্তের দাবিও জানিয়েছেন তাঁরা।
এর আগে গত রোববার দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে গেলে শাহবাগে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। ওই দিন তাঁদের ওপর জলকামান দিয়ে পানি নিক্ষেপ ও লাঠিপেটা করে পুলিশ। হাবিল হোসেন সেদিন অন্তত দুজন ছাত্রীকে পেছন থেকে লাথি মেরে ফেলে দেন। পরদিন প্রথম আলোয় এই ছবি ছাপা হয়। আইন ও সালিশ কেন্দ্রসহ কয়েকটি নারীসংগঠন এ ঘটনার নিন্দা জানিয়েছে।
পূর্বঘোষণা অনুযায়ী এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে সেখান থেকে তাঁরা বিক্ষোভ মিছিল করে কলা ভবন হয়ে প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ের সামনে যান। কার্যালয়ের প্রধান ফটকে কিছুক্ষণ দাঁড়িয়ে স্লোগান দিয়ে আবার রাজু ভাস্কর্যের সামনে ফিরে আসেন তাঁরা।
মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। সেখান থেকে ২১ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থী জনি আহমেদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করছি, তবুও পুলিশ আমাদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে।’
সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে প্রতিনিধিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানান। পরে বিকেলে একই দাবিতে ছাত্র ফেডারেশন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আলাদা একটি সংহতি সমাবেশ করে।