পুলিশি হেফাজতে মৃত্যুর প্রতিবাদে মিছিল
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পৌর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইকবাল ভূঁইয়ার পুলিশি হেফাজতে মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ ও সভা করেছে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ। গতকাল মঙ্গলবার উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতাপগঞ্জ বাজারে এসআর সুপার মার্কেট মোড়ে এক সভায় মিলিত হয়।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের নামধারী বিএনপি-জামায়েতের লোকজন, আওয়ামী লীগকে ধ্বংস করতে স্বেচ্ছাসেবক লীগের নেতা ইকবাল ভূঁইয়াকে পুলিশে ধরিয়ে দিয়ে হত্যা করা হয়েছে। তাঁরা প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাঁদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
তদন্ত কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার শাহ আলম বকাউল বলেন, এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। সময় বাড়ানোর জন্য আবেদন করা হবে। ইকবাল ভূঁইয়ার মৃত্যুতে কারা, কীভাবে দায়ী তদন্তে তা বের করে আনা হবে।
সভায় উপজেলা যুবলীগের সহসভাপতি বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাছান ভূঁইয়া, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আল আমিন প্রমুখ বক্তব্য দেন।