পুলিশি হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ অভিযোগ করেছেন, তাঁদের নেতা-কর্মীরা পুলিশি হয়রানির শিকার হচ্ছেন। এ দুই প্রার্থীর নির্বাচনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা এবং তিনজনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুললেন তাঁরা।

গতকাল শনিবার দুপুর ১২টায় মেহেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিএনপির প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস। এতে অভিযোগ করা হয়, পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির পাঁচ নেতার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাঁরা হলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, মেহেরপুর সদরের ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আবদুল বারী ফারুক, সদর বিএনপির ২ নম্বর ওয়ার্ড সম্পাদক আলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ ও জেলা মৎস্যজীবী দলের পৌর সম্পাদক শাহীন আলী। এ ছাড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন ও পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সক্রিয় কর্মী আনিছুর রহমানকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর বিশ্বাস বলেন, বিএনপির নেতা-কর্মীদের তাঁর পক্ষে প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না। নেতা-কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখন প্রশ্নবিদ্ধ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মারুফ আহম্মেদ, সহসভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

বেলা একটার দিকে স্বতন্ত্র প্রার্থী মোতাচ্ছিম বিল্লাহ মেহেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি অভিযোগ করেন, সাদা পোশাকের লোকজন প্রশাসনের সদস্য পরিচয়ে নেতা-কর্মীদের বাড়ি যাচ্ছেন। তাঁরা নেতা-কর্মীদের তুলে নিয়ে গিয়ে বিভিন্ন মামলায় আটক দেখাচ্ছেন। মোতাচ্ছিম বিল্লাহ বলেন, ‘আমার সক্রিয় কর্মী আবদুল লতিফকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছে সরকারি দলের প্রার্থীর লোকজন। এ ছাড়া আমার প্রধান নির্বাচনী এজেন্ট ইমদাদুল হক ও সহকারী এজেন্ট মানিক হোসেনকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।’ তিনি আরও বলেন, পৌর নির্বাচন থেকে তাঁকে সরাতে ক্ষমতাসীন দল জেলা নির্বাচন কর্মকর্তার যোগসাজশে তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিল। নির্বাচন থেকে সরাতে না পেরে এখন বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।

বিএনপির নেতা-কর্মী ওই পাঁচজন এবং মেয়র মোতাচ্ছিমের ওই দুজনকে আসামি করা হয়েছে ১৮ এপ্রিলের এক মামলায়। সড়কে মোটরসাইকেল ছিনতাইয়ের এক ঘটনায় মামলাটি দায়ের করা হয়।

দুটি সংবাদ সম্মেলনেই অভিযোগ করা হয়, পৌর নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীকে জেতাতে এবং অন্য প্রার্থীদের ঠেকানোর পাঁয়তারা চলছে। নেতা-কর্মীদের মামলায় জড়ানো, গ্রেপ্তার করা ও ভয়ভীতি দেখানো এই পাঁয়তারারই অংশ।

তবে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মাহফুজুর রহমানের তিনটি নির্বাচনী শিবিরে আগুন দেওয়া হয়। এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বিনা কারণে হয়রানি বা মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ সঠিক নয়।

বিএনপির ছয় দাবি

মেহেরপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে ছয়টি দাবি তুলেছে বিএনপি। গতকালের সংবাদ সম্মেলন থেকে এসব দাবি তোলা হয়।

দাবিগুলো হলো নির্বাচনকালীন সময়ে কাউকে অহেতুক হয়রানি ও মিথ্যা মামলায় গ্রেপ্তার করা যাবে না এবং ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া কর্মীদের মুক্তি দিতে হবে; প্রতিটি ভোটকেন্দ্রে একজন নির্বাহী হাকিমের নেতৃত্বে প্রয়োজনীয়সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করতে হবে; ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার স্বার্থে পাড়া-মহল্লায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করতে হবে; দলনিরপেক্ষ প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা নিয়োগ করতে হবে; ভোটকেন্দ্রে অনুমোদিত ব্যক্তি ও ভোটার ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে এবং ভোটকেন্দ্রে গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহের অবাধ সুযোগ দিতে হবে।

মেহেরপুর পৌরসভায় ২৫ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে। মোট ভোটার ৩০ হাজার ৯৬৫ জন।

প্রশিক্ষণ অনুষ্ঠিত

মেহেরপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রিসাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রোকনুজ্জামান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর, নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ আহমেদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হাসান ও সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।