পুলিশিং কমিটিতে হত্যা মামলার আসামি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল হাইওয়ে পুলিশিং কমিটিতে হত্যা মামলার আসামিসহ বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে বসে এসব কমিটি গঠন করা হয়।
গত শনিবার নান্দাইল পৌরশহরের আওয়ামী লীগের কার্যালয়ে সভার আয়োজন করে নান্দাইল হাইওয়ে পুলিশ। সেখানে পুলিশিং কমিটি গঠন করা হয়। দুদিন পর ফেসবুকে এ কার্যক্রমের ছবি প্রচারিত হলে কমিটি গঠনের প্রক্রিয়া জানাজানি হয়।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, নান্দাইল পুরান বাসস্ট্যান্ড এলাকার ২১ সদস্যের পুলিশিং কমিটিতে এ কে এম গোলাম মোস্তফা সরকারকে সভাপতির ও শহীদ মিয়াকে সম্মানিত সদস্যের পদ দেওয়া হয়েছে। তাঁর দুজন যথাক্রমে উপজেলা ও পৌর শ্রমিক লীগের আহ্বায়ক।
নান্দাইল মডেল থানার ওসি আতাউর রহমান বলেন, ওই দুই ব্যক্তি একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাঁরা জামিনে রয়েছেন। নান্দাইল চৌরাস্তা এলাকার কমিটির উপদেষ্টা খায়রুল ইসলামও হত্যা মামলার আসামি। এ ছাড়া নান্দাইলের সাবেক সাংসদ আবদুস সালামের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলারও অভিযোগপত্রভুক্ত আসামি তিনি।
নান্দাইল হাইওয়ে থানার ওসি মো. অহিদুজ্জামান বলেন, যাঁদের নামে অভিযোগ পাওয়া যাবে, তালিকা চূড়ান্ত করার সময় তাঁদের বাদ দেওয়া হবে।
দলীয় কার্যালয়ে সভা করে পুলিশিং কমিটি গঠন করার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
নান্দাইল হাইওয়ে থানার পুলিশ সূত্র জানায়, সড়ক-মহাসড়কে সংঘটিত নানা ধরনের অপরাধ ঠেকানো ও দুর্ঘটনা এড়ানোর জন্য করণীয় ঠিক করতে পুলিশিং কমিটির সদস্যরা হাইওয়ে পুলিশকে নানাভাবে সহায়তা করবেন। হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ধরনের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ৬১ কিলোমিটার এলাকা নান্দাইল হাইওয়ে থানার অন্তর্ভুক্ত। নান্দাইল হাইওয়ে থানার অধীনে নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর উপজেলার অবস্থান। এসব উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে বসবাসকারী নানা পেশার অবিতর্কিত, সজ্জন ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠনের কথা।