পুলিশে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ১
পুলিশে চাকরি দেওয়ার কথা বলে এক তরুণের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে মঈন উদ্দিন লস্কর (৩০) নামের এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সকালে ভবানীপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া মঈন উদ্দিনের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলগড় গ্রামে। এ ঘটনায় গতকাল পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার ভবানীপুর গ্রামের নিম্বর আলীর ছেলে দেলোয়ার হোসেন (১৯) সম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নেন। কয়েক দিন আগে মঈন উদ্দিন নিজেকে পুলিশের হাবিলদার পরিচয় দিয়ে দেলোয়ারের সঙ্গে দেখা করেন। ওই সময় তিনি নিজেকে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার প্রতিনিধি হিসেবে দাবি করেন। দেলোয়ারকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। দেলোয়ারও এ কথা বিশ্বাস করে তাঁকে প্রাথমিক খরচ হিসেবে তিন হাজার টাকা দেন।
আরও টাকা হাতিয়ে নেওয়ার জন্য গতকাল সকালে মঈন উদ্দিন দেলোয়ারদের বাড়িতে যান। এ সময় তিনি দেলোয়ারের বাবা নিম্বর আলীকে জানান, ১৫ লাখ টাকা দিলে তাঁর ছেলে নিশ্চিত চাকরি পাবেন। পরে তাঁদের মধ্যে টাকার পরিমাণ নিয়ে চলে দর-কষাকষি। একপর্যায়ে মঈনের কথাবার্তায় দেলোয়ারের বাবা নিম্বর আলীর সন্দেহ হয়। তিনি কৌশলে বাড়ি থেকে বের হয়ে মুঠোফোনে যোগাযোগ করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেনের সঙ্গে। ওসি খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) কামরুল হাসানকে ঘটনাস্থলে যেতে বলেন। কামরুল ঘটনাস্থলে গিয়ে মঈন উদ্দিনকে গ্রেপ্তার করে মাধবপুর থানায় নিয়ে আসেন।
হবিগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এস এম রাজু আহমেদ বলেন, পুলিশের নিয়োগ নিয়ে একটি চক্র মানুষের সঙ্গে প্রতারণা করছে। মঈন উদ্দিনও এই প্রতারক চক্রের একজন সদস্য। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।