পুলিশে না দিয়ে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমতিপত্র (লাইসেন্স) না থাকায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মালিকসহ দুজনকে আটক করেছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। তবে পুলিশে সোপর্দ না করে তাঁদের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আটকের পর ছেড়ে দেওয়া ব্যক্তিরা হলেন বকশীগঞ্জ উপজেলার শহরের নিউ লাইফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মালিক শাহজাহান হোসাইন ও কর্মচারী রনি মাহমুদ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ মাস আগে বকশীগঞ্জ থানাসংলগ্ন মিয়াপাড়া এলাকায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। কিন্তু ওই প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য কোনো অনুমতিপত্র ছিল না। গতকাল দুপুর ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জামালপুর কার্যালয়ের পরিদর্শক আমিনুল ইসলামসহ একটি দল ওই প্রতিষ্ঠানে অভিযান চালান। তাঁরা প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকার অভিযোগে তা তালা মেরে বন্ধ করে দেন। একই সময় লাইসেন্স ছাড়া ব্যবসা করার অভিযোগে মালিক শাহজাহান ও কর্মচারী রনিকে আটক করে গাড়িতে ওঠান। তাঁরা তাঁদের শেরপুর জেলার ঝগড়াচর বাজারে নিয়ে ছেড়ে দেন। বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সাদা গাড়ি ওই প্রতিষ্ঠানের সামনে দেখেছি। তাঁরা সেখানে কী করেছেন তা পুলিশকে জানাননি।’
মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মালিক শাহজাহান বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে নয়জন হঠাৎ আমার প্রতিষ্ঠানে অভিযান চালায়। পরে আমাদের আটক করে গাড়িতে তুলে আমার কাছ থেকে সাড়ে ৭ হাজার টাকা নগদ নেন। পরে তাঁদের সঙ্গে আমার মামা জিয়াউলের মাধ্যমে ৫০ হাজার টাকা বিনিময়ে আমাদের ছেড়ে দেওয়ার বিষয়টি রফা হয়। আমার দুলাভাই আলামিন ২৫ হাজার টাকা তাদের দেওয়া একটি বিকাশ নাম্বারে পাঠান।’
জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ‘ওই প্রতিষ্ঠানের দুই রোগীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। আমরা উদ্ধার করে নিয়ে আসি।’ টাকার বিনিময়ে তাঁদের ছেড়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘ওই বিকাশ নাম্বারটি কার আমি তা জানি না।’