পুলিশে পুলিশে মারামারি
লালমনিরহাটের আদিতমারী থানায় পুলিশভ্যানের আচ্ছাদনের হুট খোলাকে কেন্দ্র করে ভ্যানচালক পুলিশ সদস্য মাজহারুল ইসলামের বিরুদ্ধে আমিনুল ইসলাম (৩৫) নামের এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে থানা চত্বরে এ ঘটনা ঘটে। গতকাল রোববার তাঁদের দুজনকে লালমনিরহাট পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
আমিনুল ইসলাম বলেন, ‘লালমনিরহাট আদালতে আসামি পৌঁছানোর কাজ শেষে শনিবার রাত সাড়ে আটটার দিকে পুলিশভ্যানে করে আদিতমারী থানায় ফিরে আসেন একদল পুলিশ সদস্য। পথে ভ্যাপসা গরমের হাত থেকে নিস্তার পেতে ভ্যানের পেছনে বসা পুলিশ সদস্যরা আচ্ছাদনের হুট খুলে দেন। পুলিশভ্যানটি থানা চত্বরে পৌঁছালে ভ্যানচালক পুলিশ সদস্য মাজহারুল ইসলাম আচ্ছাদনের হুট খোলা দেখে আমাদের গালমন্দ করতে থাকেন। আমি তাঁকে গালমন্দ না করতে অনুরোধ করলে মাজহারুল উত্তেজিত হয়ে আমার গলা চেপে ধরে সজোরে ধাক্কা দেন ও আমাকে মারধর করেন। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।’
আমিনুলকে মারধরের অভিযোগ অস্বীকার করে মাজহারুল বলেন, ‘ভ্যানচালক হিসেবে এর রক্ষণাবেক্ষণ করা আমার দায়িত্ব। শনিবার রাতে পুলিশভ্যানের আচ্ছাদনের হুট খোলা দেখে আমার সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়েছে মাত্র।’ পুলিশ সুপার রশিদুল হক বলেন, ওই দুজনকে গতকাল বিকেলে লালমনিরহাট পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।