চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাছ থেকে জায়গা বরাদ্দ নিয়ে ফুটপাত ও নালার ওপর দোকান নির্মাণ করেছে একটি প্রতিষ্ঠান। গত ১১ নভেম্বর ‘বেঙ্গল মিট’ নামের এ দোকান উদ্বোধন করেন সিএমপির কমিশনার মো. ইকবাল বাহার। অবশ্য চট্টগ্রাম সিটি করপোরেশন বলছে, কোনোভাবেই নালা ও ফুটপাতের ওপর দোকান নির্মাণের সুযোগ নেই। এ ছাড়া দামপাড়ার এলাকার ওই জায়গার মালিক সিএমপি নয়। এটি সিটি করপোরেশনের জায়গা।
সিএমপি জায়গাটি বরাদ্দ দিয়েছে ফ্লোরিডা টিউলিপ অ্যাগ্রো লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে। নালা ও ফুটপাতের ওপর দোকান নির্মাণ করায় সিটি করপোরেশন প্রতিষ্ঠানটির নামে ইস্যু করা ট্রেড লাইসেন্স বাতিল করেছে। জায়গার মালিকানা দাবি এবং কী শর্তে প্রতিষ্ঠানটিকে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে, তা জানতে চেয়ে গত বৃহস্পতিবার সিএমপিকে চিঠি দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
গত সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়, দামপাড়া পুলিশ লাইনের পূর্ব পাশের সীমানাপ্রাচীর ঘেঁষে টিন ও কাচ দিয়ে নির্মাণ করা হয়েছে ‘বেঙ্গল মিট’ নামের দোকানটি। এ দোকানের নিচ দিয়ে চলে গেছে প্রায় ১০ ফুট প্রশস্ত নালা। দোকানটিতে গরু, ছাগল, মুরগি ও কবুতরের মাংস বিক্রি করা হচ্ছে। দোকানটিতে প্রায় ছয়জন কর্মী রয়েছেন।
প্রতিষ্ঠানের উদ্যোক্তা সৈয়দ রুম্মান আহম্মেদ মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁরা নিয়ম মেনে সিএমপির কাছ থেকে তিন বছরের জন্য জায়গা বরাদ্দ নিয়েছেন। দোকান নির্মাণে ফুটপাতের জায়গা ব্যবহার করা হয়নি বলেও দাবি করেন তিনি। ট্রেড লাইসেন্স বাতিলের কোনো চিঠি তিনি পাননি বলে জানান। তিনি বলেন, ‘স্থাপনা নির্মাণ করতে ২০-২২ দিন সময় লেগেছে। অথচ ওই সময় সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি জানানো হয়নি। এখন দোকান তুলে দেওয়া হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব আমরা।’
এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, সিএমপির চিঠির জবাব পাওয়ার পর এ ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ফুটপাতের জায়গায় দোকান নির্মাণ করায় ফ্লোরিডা টিউলিপ অ্যাগ্রো লিমিটেডের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে। ফলে তাদের আর সেখানে ব্যবসা করার কোনো অধিকার নেই।
সিটি করপোরেশনের চিঠি পেয়েছেন বলে জানান সিএমপির উপপুলিশ কমিশনার (সদর) ফারুক আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, ফ্লোরিডা টিউলিপ অ্যাগ্রো লিমিটেডকে বরাদ্দ দেওয়া জায়গার মালিক সিএমপি। প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে মাসিক ভাড়ায় তিন বছরের জন্য জায়গাটি বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি। সিটি করপোরেশনের চিঠির জবাব আগামী সপ্তাহে দেওয়া হবে।
সিটি করপোরেশন ও সিএমপি সূত্র জানায়, গত ১০ অক্টোবর সিএমপির সঙ্গে ফ্লোরিডা টিউলিপ অ্যাগ্রো লিমিটেডের চুক্তি হয়। চুক্তিতে স্বাক্ষর করেন সিএমপির পক্ষে উপপুলিশ কমিশনার (সদর) ফারুক আহমেদ ও ফ্লোরিডার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. আফসারুজ্জামান। চুক্তির মেয়াদ হবে তিন বছর। তবে সিএমপি চাইলে মেয়াদ বাড়ানো যাবে। বরাদ্দ দেওয়া জায়গার পরিমাণ ৩২০ বর্গফুট। প্রতি বর্গফুট ১৫০ টাকা করে মাসিক ভাড়া ধরা হয়েছে ৪৮ হাজার টাকা। তিন মাসের অগ্রিম ভাড়া ১ লাখ ৪৪ হাজার টাকা দিতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।
দোকান উদ্বোধনের পর সিটি করপোরেশনের ভূসম্পত্তি বিভাগ জায়গাটির বিষয়ে তদন্ত করে একটি প্রতিবেদন দেয়। গত ১৩ নভেম্বর জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, দামপাড়ার চট্টগ্রাম পুলিশ লাইনের পূর্ব পাশে সিডিএ অ্যাভিনিউয়ের জন্য অধিগ্রহণ করা সড়কের জায়গা দখল করে ফ্লোরিডা টিউলিপ অ্যাগ্রো লিমিটেড ৬০০ বর্গফুট জায়গায় কাচ ও টিন দিয়ে দোকান নির্মাণ করেছে।